পরিবারের অপেক্ষায় শিশু সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির হোসেন
সাব্বির হোসেন

শিশুটির নাম সাব্বির হোসেন (১২)। বাবা সালাউদ্দিন হোসেন ও মায়ের নাম রোকেয়া বেগম। মেহেরপুরের নবগ্রামে তাদের বাড়ি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় টেংরাপাড়ার ব্যবসায়ী রাসেল মণ্ডল (২৬) গত রোববার শিশুটিকে পেয়ে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। এখনো শিশুটি ওই বাড়িতেই রয়েছে।
সাব্বির বলে, ওই দিন (রোববার) সকালে তাদের বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে সে খেলা করছিল। বাবার সঙ্গে তাদের বাড়িতে মাঝেমধ্যে আসতেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বেড়ানোর কথা বলে মাঠ থেকে তাকে ডেকে আনেন। এরপর তাকে তিনি জুস খেতে দেন। জুস খাওয়ার সময় নানাবাড়ি বেড়ানোর কথা বলে রিকশায় তোলেন। এরপর আর তার কিছুই মনে নেই।
ওই দিন দুপুরে চেতনা ফিরলে সে নিজেকে একটি বাসে দেখতে পায়। এরপর একটি রাস্তার পাশে বাস থেকে নামার পর বসতে বলে ওই ব্যক্তি চলে যান। কিছুক্ষণ অপেক্ষার পর তাকে দেখতে না পেয়ে সে রাস্তা ধরে হাঁটতে থাকে।
সাব্বির বলে, নবগ্রামের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র সে। বাবা স্থানীয় বাজারের ব্যবসায়ী।
রাসেল বলেন, রোববার সন্ধ্যায় শিশুটিকে তাঁদের বাড়ি সামনে ঘুরতে দেখে তিনি কথা বলে বুঝতে পারেন, শিশুটি পথ হারিয়ে ফেলেছে। বিষয়টি তিনি ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেনকে জানান। এরপর থেকে শিশুটি তাঁদের বাড়িতেই রয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ওই শিশুটির পরিবারের কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। প্রাথমিকভাবে তার দেওয়া তথ্য অনুসারে খোঁজ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, সম্ভাব্য সব স্থানে বেতারের মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে।