পরিবারের কাছে তিন কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ মাস আগে কাউকে কিছু না বলে ঘর ছাড়ে রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের কিশোর মোহাম্মদ হোসেন। গন্তব্য ছিল মালয়েশিয়া। সমুদ্রপথে সেখানে যাওয়ার জন্য দালালদের সঙ্গে সম্পর্কও গড়ে তোলে। কিন্তু কে জানত কিছুদিনের মধ্যে হোসেনের আশা দুরাশায় পরিণত হবে!
শেষ পর্যন্ত আর মালয়েশিয়া যাওয়া হয়নি মোহাম্মদ হোসেনের। তার আগেই ইন্দোনেশিয়ার জলসীমায় সে দেশের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় সে। সেখানে তিন মাস নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিল হোসেন। একই পরিণতি হয়েছে বাঁশখালীর ছনুয়ার কিশোর নুরুল কবির ও একই উপজেলার তাপতকারী গ্রামের আবদুল খালেকের।
গত মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরিয়ে আনা ১০০ জন অভিবাসীর মধ্যে এই তিন কিশোরও ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে তুলে দেয় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সোসাইটির কার্যালয়ে তিনজনকে পরিবারের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আযমসহ কর্মকর্তারা।
চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা জানে আলম প্রথম আলোকে বলেন, তিনটি পরিবারেরই আর্থিক অবস্থা ভালো নয়।
মোহাম্মদ হোসেনের মা রশিদা বেগম জানান, প্রায় পাঁচ মাস আগে এক বুধবার কাউকে কিছু না বলে ঘর ছেড়ে চলে যায় হোসেন। এক মাস পর কক্সবাজারের এক দালাল তাকে ফোন করে জানান ছেলেকে জীবিত ফেরত চাইলে দুই লাখ টাকা দিতে হবে। জমি-জমা বিক্রি করে দালালকে টাকা দেওয়া হয়। এত কিছুর পর ছেলেকে জীবিত পেয়ে খুশি রশিদা বেগম। তাঁর মতো খুশি নুরুল কবিরকে নিতে আসা মা দেলোয়ারা বেগম এবং আবদুল খালেককে নিতে আসা বাবা আহম্মদ শরীফ ও মা খদিজা বেগম।