পরিবারের কাছে লাশ হস্তান্তর, দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ বনদস্যু নিহত হওয়ার ঘটনায় বাগেরহাটের শরণখোলা থানায় দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে র‌্যাব-৮-এর পটুয়াখালী কোম্পানির উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আজিজুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করেন। দুটি মামলায়ই নিহত পাঁচজন ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন বনদস্যুকে আসামি করা হয়।পাঁচ বনদস্যুর লাশের ময়নাতদন্ত গতকাল বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পরে পুলিশ লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।শরণখোলা থানার উপপরিদর্শক গাজী ইকবাল জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় বেলাল নামে যে বনদস্যু নিহত হয়েছিলেন তাঁর পুরো পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের আবুল হাশেম শেখের ছেলে। তাঁর স্ত্রী শনিবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে পুলিশের কাছ থেকে বেলালের লাশ গ্রহণ করেন।দুপুরে সোহাগ ফরাজীর লাশ তাঁর বোন ময়না বেগম এবং আসাদুল বয়াতির লাশ তাঁর চাচাতো বোন রেহেনা বেগম গ্রহণ করেন। বনদস্যু আল আমিনের লাশ গ্রহণ করেন তাঁর স্ত্রী হনুফা বেগম। অপর দস্যু দলনেতা জিহাদ শেখের লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাইয়ের স্ত্রী আলেয়া ইয়াসমিন। আলেয়ার সঙ্গে ছিল জিহাদের শিশুপুত্র মুস্তাইন (১৩)। শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মরাভোলা খালসংলগ্ন বনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জিহাদ বাহিনীর প্রধান জিহাদ শেখ ও সোহাগ বাহিনীর প্রধান সোহাগ ফরাজীসহ পাঁচ বনদস্যু নিহত হয়।