পরিবারের খাবার চালটুকুও মিলবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবারই ধানের গোছা হাতে নিয়ে দেখছিলেন কৃষক রেজাউল করিম। চেহারায় হতাশার ছাপ। দেড় বিঘা জমিতে ব্রি ২৮ জাতের ধানের চাষ করেছিলেন। ভেবেছিলেন, ঘরের খাবারের জন্য কিছুটা রেখে বাকিটা বিক্রি করবেন। কিন্তু খেতের বেশির ভাগ ধানেই চিটা। খাবার চালটুকু থাকবে কি না, তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের এ কৃষক গত শনিবার কড়া রোদের মধ্যে দুজন শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। কাটার পরে আদৌ এ ধান দিয়ে কিছু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে রেজাউল করিম বলেন, এ ধান দিয়ে গোখাদ্য ছাড়া অন্য কিছু হবে কি না সন্দেহ। বাজারেও নিচ্ছে না। ধান কাটার ব্যয়ও হয়তো ক্ষতির খাতায় যাবে। এরপরও ধান কেটে ঘরে নিয়ে লাভ-ক্ষতির চূড়ান্ত হিসাবটা করতে চান। তাঁর আশপাশের অনেক কৃষক চিটার কারণে খেতে কাস্তেও লাগাচ্ছেন না। পুরোটাই গরুকে খাইয়ে দিচ্ছেন।

রেজাউল করিম বলেন, এমনিতে এবার ধানের দাম বেশি। এক মণ ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। কিন্তু চিটাসহ ধান পাইকারেরা নিচ্ছেনই না। যাঁদের খেতের অবস্থা তুলনামূলক ভালো, তাঁদের ধান পাইকারেরা কিনলেও মণপ্রতি ৫০০ টাকার বেশি দিচ্ছেন না।

শনিবার দুপুরে বোদা বাজারে গিয়ে দেখা যায়, পাইকারেরা স্তূপ করে ধান কিনছেন। ব্রি ২৮ ধান মণপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরেক কৃষক আবদুর রউফ বলেন, এবার যে অবস্থা, তাতে মনে হয়, তাঁকেও ধান কিনে খেতে হবে। খেতের ফসল পুরোটাই চিটা হয়ে গেছে। গোখাদ্য ছাড়া এটা আর কোনো কাজে আসবে না।

ধানে চিটা লাগার কারণ জানতে চাইলে কৃষক রেজাউল করিম বলেন, তাঁরা ধানের পরিচর্যায় কোনো ত্রুটি রাখেননি। ঠিকমতোই সার দিয়েছেন। খেতে ব্লাস্ট রোগ ধরা পড়ার পর তিনি উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ওষুধও দিয়েছেন। কিন্তু খেত বাঁচাতে পারেননি। তিনি বলেন, এই দেড় বিঘার জমিতে ধান চাষ করতে নিজেও মাঠে খেটেছেন। সেটা বাদে তাঁর নয় হাজার টাকা খরচ হয়েছে। এ টাকার পুরোটাই ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কৃষক আবদুর রউফ ও রেজাউল করিম বলেন, সরকার সহায়তা না করলে এবার কৃষক বিরাট ক্ষতির মুখে পড়বেন। অল্প জমির মালিক ক্ষুদ্র কৃষকেরা শেষ সম্বলটুকুও বেচতে বাধ্য হবেন।