পরিবারের চোখের মণিকে কেড়ে নিল বেপরোয়া বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় নিহত স্কুলছাত্রী সানোয়ারা l ছবি: সংগৃহীত
বাসচাপায় নিহত স্কুলছাত্রী সানোয়ারা l ছবি: সংগৃহীত

তিন ভাই তিন বোনের মধ্যে সবার ছোট ছিল সানোয়ারা ইয়াসমিন। মা-বাবা আর ভাই-বোনদের চোখের মণিই বলা যায়। সেই চোখের মণিকে কেড়ে নিল বেপরোয়া বাস। নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে বাসচাপায় মারা যায় কিশোরীটি।

নাসিরাবাদের চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সানোয়ারা। তাদের বাসা পূর্ব নাসিরাবাদ তুলাতলি এলাকায়।  বাসা থেকে বের হয়ে গতকাল অন্য দিনের মতো এক বন্ধুসহ কোচিং সেন্টারে যাচ্ছিল কিশোরীটি। দুই নম্বর গেট মোড়ে শহর এলাকার একটি বাস তাঁকে চাপা দেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় সানোয়ারাকে সিটি সার্ভিসের একটি বাস চাপা দেয়। পরে মেয়েটিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা বন্ধুটি সানোয়ারার দুর্ঘটনার খবর পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মা-বাবা ভাইসহ স্বজনেরা। পরিবারের সবচেয়ে আদরের সানোয়ারার লাশ তখন মর্গে। তবে বোনের লাশ আরও কষ্ট পাবে এই বলে ময়নাতদন্তে বাধ সাধেন তার দুই ভাই। হাসপাতালের মর্গে মা রহিমা বেগম কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। মর্গের পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা আবু আহমেদ। তিনি বারবার পায়চারি করে বলছিলেন, ‘আমার মেয়েটি সবার আদরের। ঘরে এসে তার খাওয়ার কথা ছিল। আর ফিরল না।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সানোয়ারার আত্মীয়-স্বজনদের ভিড়ও বাড়ে মর্গের সামনে। ওখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিহত ব্যক্তির বড় ভাই মো. সোহেল বলছিলেন, ‘আমাদের সবার আদরের ছোট বোন। প্রতিদিন আমাকে বলতো, ভাইয়া তুমি কাপড় বাথরুমে রেখে যাও। আমি ধুয়ে দেব। কে এখন  কাপড় ধুয়ে দেবে?’

আরেক ভাই রাসেলকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলেন না বন্ধুরা। ‘আমার বোন আমার বোন’ করতে করতে তিনি চোখের পানিতে ভেসে যাচ্ছিলেন। রাসেল বলেন, এখন কে ভাইয়া ভাইয়া বলে ডাকবে?