পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ, আ.লীগ বলছে রাজনৈতিক হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম (৫০) সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। গত শনিবার রাতে রহমতাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দুইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আবুল কালাম মিঠানালা ইউনিয়নের নুরুল হকের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের বাবা কালাম চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর রহমতাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। নিহত কালামের বড় মেয়ে রিনা আক্তার বলেন, ইছাখালীর চরে খাস জমি বন্দোবস্তকে কেন্দ্র করে ১০ থেকে ১২ বছর আগে সিরাজের সঙ্গে কালামের দ্বন্দ্ব শুরু হয়। বিশেষ করে গত বিএনপি সরকারের শাসনামলের শুরু থেকে এ বিরোধ তুঙ্গে ওঠে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী বলেন, কিছুদিন আগে বিএনপিদলীয় জয়নাল নামে এক ব্যক্তিকে মারধর করেন কালাম ও তাঁর সঙ্গীরা। প্রতিশোধ নিতে কালামকে খুনের ঘটনায় জয়নালেরও যোগসূত্র থাকতে পারে বলে তাঁদের ধারণা। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন, ‘কালাম আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা।’