পরিবারের দাবি, র‌্যাব পরিচয়ে ধরে নেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রের অভিভাবকেরা অভিযোগ করেন, র‌্যাবের পোশাক পরা সাত-আটজন লোক সাভারের নবীনগর এলাকা থেকে আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে ধরে নিয়ে যায়। এর পর থেকে তাদের কোনো খোঁজ নেই।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। নিখোঁজ ছাত্র মুকাদ্দাসের বাবা আবদুল হালিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। এ সময় মুকাদ্দাসের মা আয়েশা সিদ্দিকা, ওয়ালিউল্লাহর বাবা ফজলুর রহমান ও বড় ভাই খালিদ সাইফুল্লাহসহ দুই পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন। এতে অভিযোগ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় রাজধানীর কল্যাণপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে (নম্বর ৩৭৫০) দুজন কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। ওই গাড়ির চালক ও তত্ত্বাবধায়কের মাধ্যমে তাঁরা জানতে পারেন, গাড়িটি নবীনগর এলাকায় পৌঁছালে র‌্যাব-৪ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বাসটি থামানো হয়। এরপর সি-১ ও সি-২ আসনে বসা দুজনকে ‘তোমাদের ব্যাপারে ইনফরমেশন আছে, নিচে আসো’ বলে নামানো হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ-র‌্যাবসহ সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-৪-এ যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা তাঁদের নবীনগর ক্যাম্পে খোঁজ নিতে বলেন। নবীনগর গেলে বলা হয়, এ নামে কেউ ক্যাম্পে নেই। দুই পরিবারের পক্ষ থেকে দারুস সালাম ও আশুলিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা নেই। দলীয় সূত্র জানায়, আল মুকাদ্দাস শিবিরের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক ও ওয়ালিউল্লাহ অর্থ সম্পাদক।এ ব্যাপারে জানতে চাইলে গত মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার প্রধান কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, র‌্যাব এ নামের কাউকে আটক করেনি। ডিবির অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমানও এ ধরনের আটকের খবর তাঁর জানা নেই বলে জানান।