গোপালগঞ্জে অস্ত্রসহ দুই নারী গ্রেপ্তারের ঘটনাটি সাজানো বলে দাবি করেছে তাঁদের পরিবার। গতকাল শুক্রবার গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া শাহানা বেগমের বোন শামীমা আক্তার এ দাবি করেন। গত বুধবার জেলা শহরের একটি দোকান থেকে তিনটি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ শাহানা বেগম (৩৫) ও আদুরী বেগম গ্রেপ্তার হন। শাহানা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী আদুরী। সংবাদ সম্মেলনে শামিমা বলেন, ভগ্নিপতি হাসান সরদারের সঙ্গে তাঁর বড় বোন শাহানা বেগমের দীর্ঘ দিন বনিবনা হচ্ছিল না। তাঁরা দুজনেই আলাদা থাকতেন। এই দম্পতির সাত বছর বয়সের একমাত্র মেয়েটি থাকে বাবার (হাসান) কাছে। শাহানাকে মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে হাসান শহরের একটি হোটেলে যেতে বলেন। পরে পুলিশ তাঁর বোন ও ভাবি যে টেবিলে বসে অপেক্ষা করছিলেন, তার নিচে একটি ব্যাগে রাখা পিস্তল ও গুলিসহ তাঁদের গ্রেপ্তার করে। শামিমার দাবি, তাঁর ভগ্নিপতি আগে থেকেই ওখানে ওসব রেখে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেন। ঘটনার পর থেকে হাসান পলাতক। হাসান সরদারের বড় ভাই আজিজুর রহমান সরদার প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। পুলিশ সঠিক ঘটনা উদ্ঘাটন করবে বলে আমার পরিবার বিশ্বাস করে।’মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসিমুজ্জামান জানান, তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া দুই নারীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে এ মামলায় শাহানার স্বামী হাসানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।