পরিবারের দাবি, যৌতুকের জন্য খুন হয়েছেন তানজুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের পছন্দে সোহেল ইসলামকে (৩০) বিয়ে করেছিলেন তানজুদা বেগম (২০)। কিন্তু সুখ তাঁর কপালে সইল না। তানজুদার মৃত্যুর মধ্য দিয়ে ভেস্তে গেল জীবনের সব আয়োজন। স্বজনদের দাবি, ৩০ লাখ টাকা যৌতুক চেয়েছিলেন সোহেল। এই টাকা না দিতে পারায় তানজুদাকে হত্যা করা হয়েছে।
গত সোমবার সকালে মিরপুরের বড়বাগে স্বামীর ভাড়া বাসা থেকে তানজুদার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে গত বুধবার লাশ দাফন করা হয়। দাফনের আগে হত্যার বিচার দাবি করে মিরপুর বেড়িবাঁধের কাছের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজনেরা।
তানজুদার মা হেনা বেগম বাহরাইনপ্রবাসী। একমাত্র মেয়ের মৃত্যু খবর পেয়ে গত বুধবার ভোররাতে তিনি দেশে ফিরেছেন। এখন আছেন মিরপুরের শাহ আলী থানার নবাবের বাগের নিজ বাড়িতে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি দেখা গেছে। হেনা বেগম প্রথম আলোকে বলেন, ১৩-১৪ বছর ধরে তিনি বাহরাইন থাকেন। মেয়ে তানজুদা নবাবের বাগে নানি-খালার কাছে বেড়ে উঠেছেন। গত জানুয়ারি মাসে সোহেলের সঙ্গে তানজুদার বিয়ে হয়। তিনি বলেন, সোহেল মিরপুর ১ নম্বর সেকশনে একটি ‘রেন্ট-এ-কার’ কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন। বিয়ের এক থেকে দুই মাস পর সোহেল একটি মাইক্রোবাস কেনার জন্য ৩০ লাখ টাকা চান। এই টাকা না দিতে পারায় তানজুদাকে সোহেল ও তাঁর পরিবারের সদস্যরা মারধর করতেন বলে হেনা বেগম অভিযোগ করেন।
হেনা বেগম আরও বলেন, মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয় গত শনিবার। এ সময় তানজুদা তাঁর মাকে বলেন ‘আমার ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, তোমরা আমাকে নিয়ে যাও।’ সোহেলসহ তাঁর পরিবারের সদস্যরা তানজুদাকে মায়ের সঙ্গে ঠিকভাবে কথাও বলতে দিতেন না।
তানজুদার খালু মোশারফ হোসেন বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে সোহেল মুঠোফোনে জানান, তানজুদা মারা গেছেন। পরে বড়বাগের বাসায় গিয়ে তানজুদার লাশ খাটের ওপর পাওয়া যায়। এ সময় ঘরের সিলিং ফ্যানে ওড়না বাঁধা ছিল বলে তিনি জানান। তাঁর দাবি, তানজুদাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। এ সময় তিনি লাশের কয়েকটি ছবি দেখান। ছবিতে তানজুদার পা ও ঊরুতে একাধিক কালচে দাগ দেখা গেছে। মারধরের কারণে এমন দাগ হয়েছে বলে মোশারফ জানান।
এ ঘটনায় গত সোমবার মিরপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সরদার নিজামুল হক বলেন, তানজুদার পরিবারের সদস্যদের অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেতে কয়েক দিন সময় লাগতে পারে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোহেলের মা ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। তিনি কারাগারে আছেন। সোহেলসহ অন্যরা পলাতক।
সোহেল তাঁর মা-বাবা, তিন ভাই, এক বোনসহ বড়বাগের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। গতকাল ওই বাড়িতে গিয়ে নিচতলার সোহেলের ভাড়া বাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, গত সোমবার বেলা দুইটার দিকে লাশ নিয়ে যাওয়ার পর সোহেলের ছোট ভাই সাব্বির বাসায় তালা লাগিয়ে গেছেন। এরপর থেকে তাঁরা কেউ আর বাসায় আসেননি।