ভাসানটেকের ধামালকোট বস্তিতে নূর ইসলাম ও জোহরা খাতুন দম্পতির বাস। সন্তানদের নিয়ে সুখ-দুঃখে ভালোই কাটছিল তাঁদের দিন। কিন্তু হঠাৎ পাঁচ বছরের ছেলে মো. ফাহিমের মৃত্যুতে শোকে বিহ্বল এই দম্পতি। তিন দিন ধরে তাঁদের বাড়িতে চলছে মাতম। তাঁদের অভিযোগ, প্রতিবেশী অন্য এক শিশু ও তার মামা ফাহিমকে হত্যা করেছে।
গত শুক্রবার ধামালকোট বস্তির শৌখিন রোডের বাড়ির সামনে খেলতে গিয়ে পাশের বাড়ির এক ছেলের সঙ্গে ঝগড়া হয় ফাহিমের। একপর্যায়ে মারামারি হয় তাদের মধ্যে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফাহিমের মৃত্যু হয়। চিকিৎসা প্রতিবেদনে তার মৃত্যু ‘পুলিশ কেস নয়’ বলে উল্লেখ থাকায় থানা মামলা নিচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার ফাহিমের বাবা নূর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বাড়ি এসে দেখি ফাহিম শুয়ে আছে। ওর ডান পায়ের পাতা ফোলা। কী হয়েছে জানতে চাইলে ফাহিম আমাকে জানায়, তাকে মারধর করা হয়েছে। তারপর আমার কাছে পানি খেতে চায়। পানি নিয়ে গিয়ে দেখি ফাহিমের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন। গলার ব্যথায় পানি খেতে পারছিল না।’
ফাহিমের বরাত দিয়ে নূর ইসলাম অভিযোগ করেন, শুক্রবার সকালে বাড়ির সামনে খেলার সময় পাশের বাড়ির সমবয়সী এক ছেলের সঙ্গে ফাহিমের ঝগড়া ও হাতাহাতি হয়। এ সময় ওই ছেলে ও তার মামা শিমুল (২০) মিলে ফাহিমকে রড দিয়ে মারতে থাকে। সন্ধ্যায় ফাহিমের জ্বর আসে।
ফাহিমের মা জোহরা খাতুন বলেন, ‘রাত থেকে ফাহিমের জ্বরের সঙ্গে খিঁচুনি শুরু হয়। শনিবার সকালে ওই ছেলের নানি আমেনা বেগম ও তাঁদের এক আত্মীয় এসে ফাহিমকে হাসপাতালে নিতে চান। তাঁদের সঙ্গে আমিও ফাহিমকে শিশু হাসপাতালে নিয়ে যাই।’ শিশু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে আমেনা বেগম চিকিৎসককে জানান, ফাহিমের জ্বরের চিকিৎসার জন্য তাঁরা এসেছেন। জোহরা খাতুন অভিযোগ করেন, তাঁকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
নুর ইসলাম বলেন, পুলিশ বলেছে, ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতের কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ থাকলেই মামলা নেওয়া হবে।
এসব বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ফাহিমকে হত্যার যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।
ময়নাতদন্ত প্রতিবেদন সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বলেন, ‘ময়নাতদন্তে পা ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’ তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা জনতে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক থেকে দেড় মাস পরে প্রতিবেদনটি পাওয়া যাবে বলে তিনি জানান।