পরিবারের দাবি হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে গতকাল রোববার জুবেদা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, জুবেদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচ বছর আগে উপজেলার আন্ধারুপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৩৫) পাশের বাড়ির আবদুল গফুরের মেয়ে জুবেদাকে বিয়ে করেন। তাঁদের মদিনা (৩) নামের একটি মেয়ে রয়েছে। মোস্তফা নেত্রকোনার দুর্গাপুর এলাকায় বালু শ্রমিকের কাজ করেন। এ জন্য জুবেদা প্রায় রাতে বাবার বাড়িতে থাকতেন। গত শুক্রবার মোস্তফা দুর্গাপুর থেকে বাড়িতে আসেন। শনিবার সকালে আবার দুর্গাপুর চলে যান। ওই রাতে মেয়েকে নিয়ে জুবেদা স্বামীর বাড়িতে ঘুমাতে যান। গতকাল সকালে মেয়ের (মদিনা) কান্না শুনে বাড়ির লোকজন ঘরে গিয়ে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় জুবেদার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ জুবেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।জুবেদার মা আয়তন বেগম বলেন, ‘জুবেদার লগে স্বামীর (গোলাম মোস্তফা) কোনো ঝগড়া আছিল না। তবে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের লগে দ্বন্দ্ব আছিল। এ দ্বন্দ্বের কারণেই আমার মেয়েডারে খুন করা অইছে। আমি এর বিচার চাই।’