নরসিংদীতে বিএনপির নেতা দেলোয়ার হোসেনকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তাঁর পরিবার। কিন্তু পুলিশ বলছে, ব্যক্তিগত কারণে দেলোয়ার খুন হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন বিএনপির সদর উপজেলা শাখার হাজিপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত নয়টার দিকে শহরের রাঙ্গামাটিয়া মসজিদের পেছনের সড়কে দুর্বৃত্তরা দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে। গতকাল রোববার নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বিকেলে জানাজা শেষে দেলোয়ারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেলোয়ারের বাবা মো. ছানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের ব্যক্তিগত কোনো শত্রু নেই। সে হাজিপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো একটি মহল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, ‘দেলোয়ারের হত্যাকাণ্ড পুরোপুরি রাজনৈতিক। যারা হাজিপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান বিএনপির নেতা সাইফুল ইসলামকে হত্যা করেছে, তারাই দেলোয়ারকে হত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি।’
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ভিন্ন বক্তব্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের। তিনি বলেন, দেলোয়ারের ঘনিষ্ঠ বন্ধু বাদুয়ারচর এলাকার নূরে আলম মতিন। তিনি নরসিংদী বাজারে চালের ব্যবসা করেন। চলতি মাসের প্রথম দিকে নূরে আলমের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন শহরের দত্তপাড়া এলাকার রাহাত মিয়া ও তাঁর লোকজন। নূরে আলম বিষয়টি দেলোয়ারকে জানান। ওসি বলেন, দেলোয়ার কিছুটা মাদকাসক্ত ছিলেন। তিনি বাদুয়ারচর এলাকার মাদক ব্যবসায়ী ফারুক মিয়ার কাছে নিয়মিত যাতায়াত করতেন। ফারুকের সঙ্গে রাহাত মিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। সে সুবাদে দেলোয়ার ফারুককে নিয়ে চাঁদার ব্যাপারে একটি সমঝোতা করে দেন। এতে চাঁদার পরিমাণ তিন লাখ টাকা থেকে এক লাখ ২০ হাজার টাকায় নেমে আসে। ঈদুল ফিতরের আগে ২০ হাজার ও পরে এক লাখ টাকা পরিশোধ করার শর্তে রাহাত সমঝোতায় রাজি হন।
ওসি বলেন, ঈদের আগে নূরে আলম রাহাতের জন্য দেলোয়ারের কাছে ২০ হাজার টাকা দেন। কিন্তু দেলোয়ার টাকা না দিয়ে খরচ করে ফেলেন। ঈদের এক সপ্তাহ পার হয়ে গেলেও চাঁদার কোনো টাকা না পেয়ে শনিবার সন্ধ্যায় রাহাত তাঁর লোকজন নিয়ে নূরে আলমের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরে নূরে আলম দেলোয়ারকে ২০ হাজার টাকা দেওয়ার কথা জানান। এ ঘটনায় রাহাত ক্ষিপ্ত হয়ে ফারুকের মুঠোফোন দিয়ে দেলোয়ারকে রাঙ্গামাটিয়া আসতে বলেন। আর তাঁকে এগিয়ে আনতে মোটরসাইকেলে করে সোহেল ও শামীম নামে দেলোয়ারের দুই বন্ধুকে পাঠান। পরে দেলোয়ার রাঙ্গামাটিয়া এলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
ওসি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মামলা করা হয়নি।