পরিবারের দুঃখ দূর করতে চান শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাদবা গ্রামের অ্যাসিডদগ্ধ শারমিন আক্তার এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জিপিএ ৩ দশমিক ২০ পেয়েছেন। প্রায় আট বছর ধরে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের সহায়তায় তিনি লেখাপড়া করছেন। গত শনিবার পরীক্ষার ফল জানার পর তিনি আরও লেখাপড়া করে পরিবারের দুঃখ দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।২০০৪ সালের ১৯ আগস্ট গভীর রাতে শারমিন অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। অ্যাসিডে তাঁর মুখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর এক চাচা তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন। ঢাকা মেডিকেল কলেজে তিন মাস এবং অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনে দুই দফায় দেড় মাস চিকিৎসার পর শারমিন এলাকায় ফেরেন। ওই কারণে তাঁর এক বছর পড়াশোনা বন্ধ থাকে। মা-বাবা, ছয় ভাই ও দুই বোনের মধ্যে শারমিন পঞ্চম।শারমিনের বাবা আবদুল মতিন অন্যের জমিতে কৃষি কাজ করেন। বাবার সামান্য আয়ে তাঁদের সংসার চলে না। অভাব ও শারীরিক সমস্যা তাঁর লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় কিশোরীকে সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রথম আলো ট্রাস্ট। এ ট্রাস্টের তহবিল থেকে ২০০৬ সালের শুরু থেকে প্রতি মাসে তাঁকে এক হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। সহায়তা পেয়ে লেখাপড়া চালিয়ে যান তিনি। ২০১১ সালে নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চবিদ্যালয় থেকে তিনি ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৩.০৬ পান। এবার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এইচএসসি পাস করায় তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। শারমিন বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিল থেকে ২০০৬ সালের জানুয়ারি থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে শিক্ষা বৃত্তি পেয়ে আসছি। ওই টাকায় পড়াশোনা করছি। এইচএসসির এই ফলাফলে আমি খুবই খুশি। সবার দোয়া ও সহযোগিতায় এতটুকুন পথ পাড়ি দিয়েছি। আগামী দিনে আরও পড়াশোনা করে চাকরি করে পরিবারের দুঃখ ঘোচাতে চাই।’