রাজধানীর সুরক্ষিত কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট ঘরে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ইসরাফিল হোসেন (৬০) অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বলে ধারণা করছে তাঁর পরিবার। এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত ইসরাফিল হোসেনের মেয়ে তানিয়া আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর সঙ্গে সবার ভালো সম্পর্কই ছিল। তাই কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না। তবে রেলের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের জেরে তিনি খুন হয়েছেন বলে আমরা ধারণা করছি।’ কোনো দ্বন্দ্বের কথা জানেন—এ প্রশ্নে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছু জানি না। তবে অভ্যন্তরীণ সমস্যার কথা বলার কারণ হচ্ছে, পারিবারিকভাবে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।’
যোগাযোগ করা হলে সন্ধ্যা ছয়টার দিকে রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক সোহরাব হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন তথ্য পাচ্ছি। অভ্যন্তরীণ কোন্দলের কথাও শোনা যাচ্ছে। কিন্তু চিন্তাভাবনা করে ধীরেসুস্থে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আশা করি, অচিরেই এ ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে।’
বুকিং সহকারী ইসরাফিল গত শুক্রবার রাতে টিকিট ঘরে খুন হন। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা টিকিট বিক্রির প্রায় ১৭ লাখ টাকাও নিয়ে গেছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ছয়জন ও কমলাপুর রেল থানা পুলিশের চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনায় পুলিশ, রেল কর্তৃপক্ষ ও রেলপথ মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
রেলওয়ে সূত্র জানায়, রেল কর্তৃপক্ষ ও রেলপথ মন্ত্রণালয় গঠিত কমিটির কর্মকর্তারা গতকালই তদন্ত শুরু করেছেন। গতকাল তাঁরা ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করেন।
এদিকে ইসরাফিলকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে রেলওয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। তাঁরা স্টেশন চত্বরে মিছিলও করেন। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, রেল কর্মচারীদের নিরাপত্তা প্রদান, স্টেশনে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন তাঁরা। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় পৌনে এক ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যান কর্মচারীরা।
পারিবারিক সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইসরাফিলের লাশ তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পাংশা গ্রামে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।