পরিবারের প্রাণভোমরা ছিলেন ইব্রাহিম

আটটি প্রাণের বর্তমান, ভবিষ্যৎ আর চাওয়া-পাওয়ার কেন্দ্রে ছিলেন ইব্রাহিম মোল্লা (৩৮)। এই ইব্রাহিম পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে কাজ করতেন রাজধানীর দারুস সালাম থানায়। গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান। ইব্রাহিম ছিলেন এই আট প্রাণের প্রাণভোমরা, তাঁর মৃত্যু অনিশ্চয়তায় ফেলেছে আটজনের পুরো পরিবারটিকে।
বাগেরহাট-পিরোজপুর সড়ক ধরে কিছু দূর গেলে কচুয়া উপজেলার সীমানা শুরু। এখান থেকে এক কিলোমিটার দূরে শিববাড়ী মন্দিরের উল্টো দিকে ভাঙা ইটের রাস্তাটা যেখানে মাটির রাস্তায় মিশেছে, সেটাই পালপাড়া গ্রাম। এখানেই থাকেন ইব্রাহিমের ৮০ বছর বয়সী বাবা আবদুস সাত্তার মোল্লা, মা আছিয়া বেগমসহ পরিবারের পাঁচ সদস্য। আর রাজধানীর দারুস সালাম থানা-সংলগ্ন বর্ধনবাড়ী এলাকায় স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ইব্রাহিম। এই আট সদস্যের পরিবারটির পুরোটাই চলত ইব্রাহিমের আয়ে।
পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে ইব্রাহিম সবার ছোট। কিন্তু পরিবারের সবচেয়ে বড় দায়িত্বগুলো ছিল তাঁর কাঁধে। ১২ বছর আগে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ইব্রাহিম পুলিশে যোগ দিয়েছিলেন কনস্টেবল পদে। ওই বছরই ইব্রাহিমের সেজো বোন মনোয়ারা বেগম তাঁর স্বামীকে হারিয়ে দুই শিশুসন্তান কোলে নিয়ে বাবার বাড়ি এসে উঠেছিলেন।
প্রায় ১২ বছরের কর্মজীবনে ইব্রাহিমের জীবনে অনেক ঘটনা ঘটেছে। মা-বাবা আর দুই শিশুসন্তানসহ বিধবা বোনের দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম। চাকরি পাওয়ার বছর চারেক পরে বিয়ে করেছেন একই উপজেলার বারুইখালী গ্রামের খাইরুন্নেছা বেগমকে। ইব্রাহিম-খাইরুন দম্পতির কোলজুড়ে এসেছে মেয়ে জান্নাতি (৬) আর ছেলে পরাগ (২)। বছর দুই আগে পরীক্ষা দিয়ে কনস্টেবল থেকে উপসহকারী পরিদর্শক পদে উন্নীত হয়েছেন ইব্রাহিম। কীভাবে যেন কাউকে বুঝতে না দিয়েই পুরো পরিবারের বোঝা একাই মাথায় নিয়েছিলেন ইব্রাহিম।
সেই ভাইকে হারিয়ে গতকাল দুপুরে বাড়ির উঠানে বসে ইব্রাহিমের বোন মনোয়ারা চিৎকার করে কেঁদে বলছিলেন, ‘ওরে ভাই, তুই কোথায় চলে গেলি? আমি আমার বাচ্চা দুইডা নিয়ে এখন কোথায় যাব? আমারে দেখবেনে কে?’ ইব্রাহিমদের টিনের বাড়ির উঠানে উপস্থিত অর্ধশতাধিক নারী-পুরুষ তখন বুঝতে পারছিলেন পরিবারটির অনিশ্চয়তার কথা।
মনোয়ারা কাঁদতে কাঁদতে বলেন, ‘গত মঙ্গলবার মাকে নিয়ে সাইনবোর্ড বাজারে ডাক্তার দেখাতে যাই। ভাইয়ের সাথে তখন আমার মোবাইলে শেষবার কথা হয়। ভাই আমাকে বলে, “বু, আমাদের তো আর ভাই নেই। আপনি তো মায়ের কাছে থাকেন। মাকে ডাক্তার দেখান। ওষুধের জন্য ভাববেন না। আমি টাকা পাঠাব।” এটাই আমার ভাইয়ের সাথে শেষ কথা। টাকা পাঠানোর আগে ভাই চলে গেল।’
ইব্রাহিমের বড় ভগ্নিপতি শাজাহান শেখ বলেন, ‘পরিবারের সবার জন্য ইব্রাহিমের অসম্ভব দরদ ছিল। আমরা গরিব মানুষ। আমাদের তো দেওয়ার সামর্থ্য নেই। আমার শ্বশুরও অসুস্থ। জানি না পরিবারটার এখন কী হবে।’