পরিবারের বিরুদ্ধে জমি নিয়ে দায়ের করা অভিযোগ মিথ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান পাটোয়ারী তাঁর পরিবারের বিরুদ্ধে জমি নিয়ে দায়ের করা অভিযোগটি মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে এই প্রতিবাদ জানান তিনি।মুনিরুজ্জামানের ভাষ্যমতে, তাঁর বাবা আমিন উল্লাহ পাটোয়ারীর রেখে যাওয়া সম্পত্তি চাচা ছফিউল্লাহ পাটোয়ারী, চাচাতো ভাই হাবিব উল্লাহ, লে. কর্নেল হারুন-অর-রশিদ ও জেড এম জহিরুল ইসলাম জবরদখল করে আছেন। কয়েক দিন আগে তাঁরা সীমানা লঙ্ঘন করে সেখানে দালান নির্মাণ করতে গেলে তিনি আদালতে একটি মামলা করেন। আদালত নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেন। পরে এ বিষয়ে হাবিব উল্লাহর এক দরখাস্তের পরিপ্রেক্ষিতে পৌরসভার মেয়র জরিপকারী শামসুল আলমকে একটি প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেন। শামসুল আলম উভয় পক্ষকে গত সোমবার রাতে তাঁর কার্যালয়ে হাজির হতে বলেন। সে অনুযায়ী হাজির হলে বৈঠকের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বড় ভাই ও তাঁর ওপর হামলা চালান। তাঁর পরিবারের সদস্যদের ওপর এর আগেও হামলার চেষ্টা চালানো হয়। মুনিরুজ্জামান অভিযোগ করেন, হামলার পর মঙ্গলবার প্রতিপক্ষরাই আবার সদর থানায় তাঁর পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছারোয়ার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল করিম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।