পরিবারের ভেতরেও শিশুরা নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক শিশু মৃত্যুর ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের। গত সোমবার রাজধানীর বনশ্রীতে ভাইবোনের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর তাঁরা বলছেন, এ ঘটনা প্রমাণ করছে যে পরিবারের ভেতরেও শিশুরা নিরাপদ নয়। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁরা দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার তাগিদ দেন।

মেহের আফরোজ চুমকি
মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
শিশু হত্যা নিয়ে কী আর বলব! বর্তমানে বেশির ভাগ ঘটনাই ঘটছে পারিবারিক কলহের কারণে। ফলে কাল যে কোন বাড়িতে অপরাধ ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারছে না। দেশে একধরনের ঘটনা ঘটতে থাকলে তা ঘটতেই থাকে। বর্তমানে যে ধরনের শিশু হত্যার ঘটনা ঘটছে, তা খুবই মর্মান্তিক। বাবা-মায়ের কাছেও যদি শিশুরা নিরাপদ না থাকতে পারে, তাহলে পৃথিবীর কোথায় আর তারা নিরাপত্তা পাবে? উন্নত দেশে পরিবারের ভেতরে শিশু হত্যার ঘটনা ঘটে। বর্তমানে দেশেও তা ঘটে চলছে। আমরা সরকারের পক্ষ থেকে শিশু নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতেই হবে। এ বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে শিশু হত্যার বিষয়টি আলোচনায় এনেছেন। চাঞ্চল্যকর শিশু হত্যার মামলাগুলো মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারির আওতায় এনেছে।

সেলিনা হোসেন
সেলিনা হোসেন

সেলিনা হোসেন
কথাসাহিত্যিক, শিশু একাডেমীর চেয়ারম্যান
আমার তো মনে হয়, আমাদের মূল্যবোধের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। কী এমন হলো যে বাবা-মা নিজের সন্তানকে মেরে ফেলছেন? বিষয়গুলো ভাবলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিশু হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বনশ্রীর ঘটনায় মর্গে দুই সন্তানের লাশ ফেলে রেখে বাবা-মা গ্রামের বাড়ি চলে গেলেন। মামলা করলেন না। এ কেমন কথা? ঘরের ভেতরেই শিশুরা যেভাবে হত্যার শিকার হচ্ছে, তা অবিশ্বাস্য। অপরাধী যে-ই হোক, কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শিশুর সুরক্ষায় জরুরিভাবে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এ ধরনের পরিস্থিতি আর দেখতে চাই না। পরিস্থিতির অবসান চাই।

অধ্যাপক ড. জিয়া রহমান
অধ্যাপক ড. জিয়া রহমান

অধ্যাপক ড. জিয়া রহমান
চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমরা একধরনের সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আকাশ সংস্কৃতি, পাশ্চাত্য মূল্যবোধগুলো আমরা আংশিক বা বিকৃতভাবে গ্রহণ করছি। ছেলেমেয়েরা একসঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিস্তার ঘটেছে। মা বা বাবা কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তানেরা তা জেনে গেলে তাদের হত্যা করা হচ্ছে। চারপাশে বিভিন্ন ধরনের ঝুঁকির উপাদান ছড়িয়ে আছে। ক্ষমতায়ন বা স্বাধীনতা কাকে বলে, তার সঠিক ধারণা না থাকায় এগুলোর অপব্যবহার করা হচ্ছে। মাদক গ্রহণের কারণে অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকাসক্ত মা বা বাবা সন্তানকে নির্দ্বিধায় মেরে ফেলছেন। দ্রুত ধনী হওয়ার ঝোঁক বাড়ছে। সব জায়গায় একধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে। সামাজিক ন্যায়বিচার, সামাজিক অনুশাসন কোনোটাই কাজ করছে না। ক্রান্তিকালীন দশায় সব সমাজেই এ ধরনের অস্থিরতা দেখা দেয়। তবে আমি আশাবাদী, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে সমাজ থেকে এ ধরনের অস্থিরতা দূর হবে।

অধ্যাপক তাজুল ইসলাম
অধ্যাপক তাজুল ইসলাম

অধ্যাপক তাজুল ইসলাম
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
বাবা-মা নির্যাতন করে সন্তানকে মেরে ফেলতে পারে, তা অনেকে ধারণাও করতে পারেন না। তবে এ ধরনের ঘটনা ঘটছে। অনেক অভিভাবক প্রতিনিয়ত সন্তানকে বিভিন্নভাবে নির্যাতন করে তা লুকিয়ে রাখেন। দুর্ঘটনার কথা বলে হাসপাতালে নিয়ে যান। এ ক্ষেত্রে বাবা-মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলা একটি কারণ। বাবা-মায়ের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটলেও অনেক ক্ষেত্রে এক পক্ষ প্রতিশোধপরায়ণ হয়ে সন্তানদের হত্যা করে। বর্তমানে যে অবস্থা চলছে, তাতে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। অসামাজিক বা অনৈতিক সম্পর্কের উৎপত্তি ঘটার সঙ্গে সঙ্গেই তা সামাজিক ও প্রশাসনিকভাবে নির্মূল করতে হবে। এ ছাড়া পরিবারে কোনো শিশু দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হতে থাকলে শিশুকে রক্ষায় পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। সমাজে ভালো কাজ ও ভালো মানুষদের উৎসাহিত করতে হবে। অপরাধ প্রবণতা কমানোর জন্য ভালো মানুষদের ভালো জায়গায় বসাতে হবে। বিদেশে দুর্ঘটনার কথা বলে কোনো শিশুকে হাসপাতালে ভর্তি করতে গেলে হাসপাতাল থেকেই সন্দেহ করা হয়। পুলিশ, সমাজকর্মীরাই বিষয়টির তদন্ত করেন। তবে বাংলাদেশে এ ধরনের ধারণা এখন পর্যন্ত তৈরি হয়নি।

এলিনা খান
এলিনা খান

এলিনা খান
প্রধান নির্বাহী, হিউম্যান রাইটস ফাউন্ডেশন
চারপাশে যে কায়দায় শিশু হত্যার ঘটনা ঘটছে, তাতে নিজেও একধরনের ট্রমার মধ্যে আছি। বাবা-মা সন্তানকে মারতেও দ্বিধা করছেন না। মানুষের মধ্যে হিংসাত্মক চরিত্রের বহিঃপ্রকাশ না ঘটলে শিশুকে হত্যা করা সম্ভব না। দেশে একসময় অ্যাসিড-সন্ত্রাস ভয়াবহ আকার ধারণ করেছিল। গণমাধ্যমসহ সবাই একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কারণে এখন এই সন্ত্রাস অনেকটাই কমে এসেছে। একইভাবে শিশু হত্যার বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কলেজপড়ুয়া ভাই আরেক ভাইকে মেরে ফেলছে। পরিবারের অন্য সদস্যদের হাতেও শিশুরা রেহাই পাচ্ছে না। বাচ্চাগুলো যাবে কোথায়? শিশুরা তাহলে কোথায় নিরাপদ? যে অবস্থার সৃষ্টি হয়েছে, সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। সবাই মিলে কিছু একটা করতেই হবে।

এমরানুল হক চৌধুরী
এমরানুল হক চৌধুরী

এমরানুল হক চৌধুরী
চেয়ারম্যান, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাবা-মায়ের মাধ্যমে ৪০টি শিশু হত্যার ঘটনা ঘটে। গত বছর সংখ্যা একটু কম ছিল। সামাজিক অস্থিরতার প্রতিফলন ঘটছে শিশুদের ওপর। সরকারকে বহু দিন ধরে বলা হচ্ছে শিশুবিষয়ক আলাদা একটি অধিদপ্তর করার জন্য। অধিদপ্তরের কাজের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হতো। উপজেলা পর্যায়ে শিশুর অধিকার রক্ষায় কর্মকর্তা থাকলে শিশুর বিষয়টি আলোচনায় থাকত। জাতীয় সংসদেও একদিন শিশুদের বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত রাখা যেতে পারে। এনজিওগুলোকে সঙ্গে নিয়ে সরকারের পক্ষ থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। পারিবারিক অস্থিরতার কারণে ঘরের মধ্যে পরিবারের লোকজনই ঠান্ডা মাথায় শিশুদের খুন করছে। ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী সদস্যদের নিয়ে শিশুবিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে শক্তিশালী করতে হবে। শিশু হত্যাকারী যে-ই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে না পারলে কোনো উদ্যোগেরই সুফল পাওয়া সম্ভব হবে না।

শাবনাজ জাহেরিন
শাবনাজ জাহেরিন

শাবনাজ জাহেরিন
শিশু সুরক্ষাবিষয়ক কর্মকর্তা, ইউনিসেফ
দেশে যে হারে শিশু হত্যার ঘটনা বেড়েছে, এখন আর ঘটনাগুলোকে স্বাভাবিক মামলা হিসেবে বিচার করলে চলবে না। মামলাগুলো দ্রুত বিচারের আওতায় এনে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমানের সামাজিক পরিস্থিতি শিশুদের পক্ষে নেই। প্রবেশন অফিসার বা থানাগুলোতে শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার উপস্থিতি চোখে পড়ে না। ক্ষতিকারক বিভিন্ন বিদেশি চ্যানেল বন্ধ করে দেওয়া প্রয়োজন। আর সব থেকে বড় কথা, আইনের বাস্তবায়ন জরুরি।