পরিবারের সঙ্গে কত দিন পর ঈদ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনে লুঙ্গি ও ফতুয়া। ঘন ঘন চোখ মুছছেন পঞ্চাশোর্ধ্ব মো. সুলতান। তবে তাঁর এই কান্না খুশির। মিরসরাই থানার একটি হত্যা মামলায় নিম্ন আদালতে সাজা হওয়ার পর ছয় বছর কেটেছে কারাগারে। কিছুদিন আগে উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তিনি। গত মঙ্গলবার তাঁর জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসে। যাচাই-বাছাইয়ের পর গতকাল বৃহস্পতিবার তিনি মুক্তি পান। এত বছর পর পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তিনি। তাই কিছুতেই আবেগ সামলাতে পারছিলেন না।

কারাগারের ফটকে অপেক্ষায় থাকা স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে হারুন অর রশিদকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আনন্দে কাঁদছিলেন তাঁর স্বজনেরাও। ‘পরিবারের সঙ্গে অনেক বছর পর ঈদ করতে পারব এ কারণে খুশি লাগছে। বলে বোঝানো যাবে না কেমন খুশি লাগছে...’ বলতে বলতে আবারও গলা ধরে আসে পেশায় গাড়িচালক সুলতানের।

সুলতানের পরিবারের মতো আরও অনেক কারাবন্দীর পরিবারকে গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাফটকে ভিড় করতে দেখা গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জামিন হওয়া কারাবন্দী স্বজনের অপেক্ষায় ছিলেন তাঁরা। সবার চোখ ছিল ফটকের দিকে। কখন প্রিয়জন বেরিয়ে আসবে।

কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত তিন দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৫৩০ জন বন্দী। এর মধ্যে ৫০০ জন হাজতি এবং বাকি ৩০ জন কয়েদি।

ঈদের আগেই স্বজনকে মুক্ত করতে অনেকে ছুটেছেন আদালতে আইনজীবীর কাছে। গতকাল দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় দেখা গেছে আসামির স্বজনদের ভিড়। জামিন হোক বা না হোক শেষ চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। বেলা সাড়ে তিনটির দিকে নগরের ডবলমুরিং থানার একটি মারামারির মামলায় জসীম উদ্দিন নামের এক ব্যক্তির জামিন মঞ্জুর হলে তাঁর স্বজনদেরও আনন্দে কাঁদতে দেখা যায়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদে জামিন পাবেন সেই আশায় আসামির স্বজনেরা জামিন আবেদন করে থাকেন। কিন্তু মারামারি ও ছোটখাটো মাদকের মামলা ছাড়া বড় ধরনের অপরাধের কোনো মামলার আসামি জামিন পাননি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে প্রতিদিন ৬০-৭০ জন বন্দী জামিনে মুক্তি পান। কিন্তু ঈদ সামনে রেখে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন বন্দী জামিনে মুক্তি পাচ্ছেন। তবে কোনো জঙ্গি, সন্ত্রাসীসহ বড় অপরাধী জামিনে মুক্তি পাননি। গত তিন দিনে ৫৩০ জন বন্দী মুক্তি পেয়েছেন। গতকাল আদালত থেকে জামিননামা পাওয়ার পর আরও কয়েক বন্দী আজ শুক্রবার মুক্তি পেতে পারেন।