পরিবারের সদস্যদের মধ্যে ‘ব্লাডমানি’ বণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে খুন হওয়া মানিকগঞ্জের মহিদুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে ‘ব্লাডমানি’ হিসেবে পাওয়া ২১ লাখ টাকা বণ্টন করা হয়েছে। গতকাল রোববার চেকের মাধ্যমে এই টাকা বণ্টন করা হয়।চেক বিতরণের সময় সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বান্ধাইল গ্রামের মহিদুর রহমান (৪৫) কুয়েতে খুন হন। ওই ঘটনায় তাঁর স্ত্রী আনোয়ারা বেগম সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালে কুয়েতের আদালত ওই হত্যাকাণ্ডের দায়ে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের রমজান মিয়া (২০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামের দুই সহোদর ইকবাল হোসেন (২৬) ও মো. হূদয়কে (২৫) মৃত্যুদণ্ডাদেশ দেন।সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি মহিদুরের পরিবার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে ক্ষমা করে দিয়ে চুক্তি সই করেন। চুক্তিপত্রে উল্লেখ করা হয়, ওই তিন আসামির মৃত্যুদণ্ড মওকুফ হলে মহিদুরের পরিবারকে ২১ লাখ টাকা দেওয়া হবে। সে অনুযায়ী আসামিদের পরিবার ২১ লাখ টাকা দেন। ওই টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান ও ইউএনও নাসরিন সুলতানার যৌথ ব্যাংক হিসেবে জমা রাখা হয়।সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক খান মো. রেজাউল করিমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কুয়েতের আদালত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে প্রত্যেককে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।ইউএনও নাসরিন সুলতানা বলেন, মহিদুরের পরিবারের সদস্যদের মাঝে ২১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে মহিদুরের মেয়ে রাজমিনকে পাঁচ লাখ, ছেলে মজিবুর রহমানকে নয় লাখ, চার ভাই হাবিবুর রহমান, তারা মিয়া, চান মিয়া ও রাজা মিয়াকে পাঁচ লাখ এবং চার বোনের মাঝে দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে।