পরিবারের সদস্যদের হত্যার হুমকি পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল ইফতার অনুষ্ঠানে বক্তৃব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
জাতীয় প্রেসক্লাবে গতকাল ইফতার অনুষ্ঠানে বক্তৃব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘লন্ডনে এক কুলাঙ্গার বসে আছে। তাকে আদর দিয়ে ব্রিটিশ সরকার বসিয়ে রেখেছে। ব্রিটিশ সরকার কেন তাকে আশ্রয় দিয়েছে, জানি না। সে ওখানে যাওয়ার পর টিউলিপ হুমকি পাচ্ছে। ব্রিটিশ সরকারের দায়িত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘টিউলিপকে দেওয়া হুমকিতে বলা হয়েছে, তোর নানাকে হত্যা করেছি। তোকে আর তোর মা (শেখ রেহানা) ও খালাকেও (শেখ হাসিনা) হত্যা করব। এই হলো হুমকির ভাষা। যে হুমকি শুনে বিএনপি নেত্রীর সেই “হাসিনামুক্ত বাংলাদেশ চাই” হুমকির কথা মনে পড়ে যায়। এর অর্থটা কী? জীবনের তরে শেষ করে দেবে আমাকে। এই হুমকি-ধমকির মধ্য দিয়েই আমাদের চলতে হচ্ছে।’
সাম্প্রতিক গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গুপ্তহত্যা চলছে। গুপ্তহত্যা বিএনপি-জামায়াতের জন্মগত স্বভাব। বিএনপি ও জামায়াত উভয়েই প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যায় সিদ্ধহস্ত। আমি বলেছিলাম, তথ্য আছে। এখন প্রমাণ হয়েছে। মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টায় যুক্ত এবং জনগণের হাতে আটক সন্ত্রাসীর পরিচয়, সে একজন শিবিরকর্মী। এরপর কারও সন্দেহ থাকার কথা নয়।’
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ভোগ করার পর কিছু দায়িত্বও থাকে। সবার কাছ থেকে সেই দায়িত্বশীলতা আশা করি।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সাংবাদিক নেতারা নানা দাবিদাওয়া তুলে ধরেন। এর মধ্যে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন, আবাসন-সমস্যা সমাধান ও প্রেসক্লাবের ভবন নির্মাণের দাবি রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ওয়েজ বোর্ডের জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলতে হবে। তথ্যমন্ত্রীকে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আবাসন-সমস্যা সমাধানে জায়গা খোঁজারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এখন টক শো করেও অনেকের ভালো কামাই হচ্ছে। তবে টক শো সংসদের বিকল্প হতে পারে না। জাতীয় সংসদে কথা বলা হয় কতগুলো নিয়মনীতি ও বিধিবিধানের মধ্যে থেকে। আর টক শোতে বক্তব্য হয় লাগামছাড়া।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গুপ্তহত্যাকারীদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকুন।’
ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক ও ডিইউজের সভাপতি শাবান মাহমুদ।