রাজবাড়ীর গোয়ালন্দে দিনমজুরবেশী এক দুর্বৃত্ত এক কৃষকের পরিবারের সবাইকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অচেতন করার পর ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার পরিবারের সাত সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের কৃষক জিন্দার ফকির বাড়ি থেকে হাটে পেঁয়াজ-রসুন নেওয়ার জন্য ফরিদপুরের বোয়ালমারী থেকে আসা আরিফ শেখ (৪০) নামের এক দিনমজুরকে গত বুধবার কয়েক দিনের জন্য বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার কাজ শেষে আরিফ ছোলা-চানাচুর ও চপ কিনে ওই বাড়িতে নিয়ে যান এবং তা জিন্দারের স্ত্রী রেহেনা বেগমের হাতে দিয়ে সবার খাবারের জন্য মুড়ির সঙ্গে মাখানোর অনুরোধ করেন। বড় পাত্রে মুড়ির সঙ্গে এগুলো মাখানোর পর আরিফ নিজের জন্য আলাদা একটি প্লেটে রেখে বাকি সবাইকে ওই পাত্র থেকে খেতে বলেন। রাত দশটার দিকে পরিবারের সবাই একত্রে এগুলো খাওয়া শেষে ঘরে ঘুমাতে গেলে আরিফ পাশের একটি খেতের অস্থায়ী ঘরে ঘুমাতে যান।
গতকাল শুক্রবার সকালে ওই পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁদের ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে জিন্দারের স্ত্রী ঘরের দরজা খুলেই আবার মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরাও ঠিকমতো ওঠে দাঁড়াতে পারছিলেন না। প্রতিবেশীরা জিন্দার ফকির, তাঁর স্ত্রী রেহেনা বেগম, ছেলে রেজাউল ফকির, রমজান ফকির, মেয়ে ঝর্ণা আক্তার, রেজাউলের স্ত্রী তাছলিমা খাতুন, নাতি তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল ফকির জানান, ‘আমরা ওই মাখানো মুড়ি খেয়ে ঘুমানোর পর কী হয়েছে বলতে পারব না। পরে খোঁজ নিয়ে জানলাম ঘরের আলমারিতে থাকা পেঁয়াজ বিক্রির ৬০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের সোনার গয়না নিয়ে আরিফ পালিয়ে গেছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান খান বলেন, নেশাজাতীয় কিছু খাইয়ে ওই পরিবারের সাতজনকে অচেতন করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ ধরনের কোনো সংবাদ তাঁর জানা নেই। ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।