পরিবারের সবাইকে অচেতন করে লুট
মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢ়িখালী গ্রামে একই পরিবারের সাত সদস্যকে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
গ্রামের রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে গতকাল মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সন্ধ্যার মধ্যে ওই বাড়িতে রাতের খাবার রান্নার কাজ শেষ হয়। খাওয়ার আগে পরিবারের সদস্যরা ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা রান্নাঘরে ঢুকে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে পাঁচ লাখ টাকা, ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোন, মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
সকালে প্রতিবেশীরা রবীন্দ্রনাথ রায় (৭৫), মমতা রানী রায় (৬৫), স্বপন রায় (৫০), দেবু রায় (৩৫) সন্ধ্যা রায় (২৮), রামপদ রায় (৬৫) ও কল্পনা রায়কে (২৮) অচেতন অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত।