পরিবারের সুদিন ফেরাতে পারলেন না শান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারে সচ্ছলতা আনতে চার বছর আগে লেবাননে পাড়ি জমান শান্তা ইসলাম (২৫)। সেখানে রাজধানী বৈরুতে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন দুই বছর। কিন্তু পরিবারের ঋণ পরিশোধ করতে পারেননি। এরই মধ্যে বৈধ কাগজপত্রের মেয়াদ হারান। আট মাস ধরে লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। আর্থিক টানাপোড়েন ও বৈধ কাগজপত্র না থাকায় লেবাননের ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারেননি তিনি। রোগে ভুগে গত বুধবার রাতে মারা যান শান্তা।
আর্থিক সচ্ছলতা আনতে মেয়েকে লেবানন পাঠিয়েছিলেন। কিন্তু সুদিন আর ফেরেনি। এখন মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা হামিদা বেগম। তাঁর আহাজারি থামছেই না। এখন তাঁর একটাই চাওয়া, মেয়ের লাশটা ফিরে পাওয়া।
শান্তা নরসিংদীর শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট। শিশু বয়সে বাবা বাচ্চু মিয়া মারা যাওয়ায় আর্থিক টানাপোড়েনে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি। ধারদেনা করে মেয়েকে লেবানন পাঠান মা হামিদা। তিনি বলেন, ‘মেয়ে গেল। কিন্তু কাজের পরিবেশ ভালো না হওয়ায় তেমন সুবিধা করতে পারেনি। দুই বছর পর বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। গৃহকর্তাও শান্তাকে কাজ থেকে বের করে দেন। এরপর থেকে পালিয়ে বেড়াতে শুরু করে শান্তা। এরই মধ্যে চলতি বছরের শুরুর দিকে লিভার ও কিডনি সমস্যায় আক্রান্ত হয়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় এবং আর্থিক অনটনের কারণে কোনো হাসপাতালে তার চিকিৎসা হয়নি।’
হামিদা বলেন, ‘অবস্থা গুরুতর হওয়ায় তিন সপ্তাহ আগে বৈধভাবে দেশে ফিরে আসার জন্য নিজের কাছে জমানো টাকা সেখানকার বাংলাদেশি দূতাবাসে জমা দেয় শান্তা। গত ৫ আগস্ট বেশি অসুস্থ হয়ে পড়লে বৈরুতের গ্রিন বাংলা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক জালাল বেপারীর সহযোগিতায় বৈরুত জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর পেয়ে পরদিন লেবাননে প্রবাসী সুশীল সমাজের সভাপতি সৈয়দ আমির হোসেনের নেতৃত্বে সংগঠনের কয়েকজন লোক শান্তাকে হাসপাতালে দেখতে গিয়ে আর্থিক সহযোগিতা করেন। কিন্তু তার আর সুস্থ হয়ে ওঠা হয়নি। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
শান্তার বৈধ কাগজপত্র না থাকায় এখন তাঁর লাশ দেশে পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাঁর মরদেহ রাখা হয়েছে বৈরুত জেনারেল হাসপাতালের মর্গে।
নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কর্মকর্তা শহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে শান্তা ইসলামের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’