পরিবেশ অধিদপ্তর প্রমাণ পেয়েছে দূষণের, নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকিং পাওয়ার প্লান্টের ফার্নেস তেলে কর্ণফুলী দূষণের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দূষণের জন্য দায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নোটিশ দিয়েছে। আগামী রোববার এ ব্যাপারে অধিদপ্তরে শুনানির পর দূষণের শাস্তি নির্ধারণ করা হবে।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জমির উদ্দিনের নেতৃত্বে একটি দল গতকাল সকালে কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখে। এ সময় তাঁরা তেলবাহী ওয়াগন দুর্ঘটনার পর খাল ও কর্ণফুলী নদী দূষণের প্রমাণ পান।

এ প্রসঙ্গে জমির উদ্দিন বলেন, ‘ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিপুল পরিমাণ তেল খাল হয়ে নদীতে গেছে। আমরা সরেজমিনে দেখেছি। এখনো ওখানে তেল ভাসছে। এর পর আমরা দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টে গেছি। পিকিং প্লান্ট এবং রেলওয়েকে আমরা নোটিশ দিয়েছি।’

আগামী রোববার বিভাগীয় পরিবেশ পরিচালক মো. জাফর আলমের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে উভয়পক্ষের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে কালুরঘাট সেতুর পূর্বপাশে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। এ সময় তিনটি ট্যাংকার পুরোপুরি উল্টে যায়। এ ছাড়া আরও তিনটি ট্যাংকার কাত হয়ে যায়। এসব ট্যাংকারের প্রতিটিতে ৩০ থেকে ৩৩ হাজার লিটার ফার্নেস তেল ছিল। এর মধ্যে প্রায় ৭০ হাজার লিটার তেল পড়ে যায় বলে ধারণা করছেন রেল কর্মকর্তারা। এসব তেল দুই দিন ধরে পাশের খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এতে নদী ও খাল ভয়াবহ দূষণের কবলে পড়ে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দলে থাকা পরিদর্শক হারুন অর রশিদ জানান, ‘যেভাবে তেল পড়েছে, তা অকল্পনীয়। পুরো খাল কালো হয়ে গেছে। এ খাল হয়ে তেল নদীতে গিয়ে মিশেছে। শুনানিতে দূষণের শাস্তি নির্ধারিত হবে।’