পরিবেশ অধিদপ্তর শর্ত লঙ্ঘনের প্রমাণ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় (শিপইয়ার্ড) অনিয়ম ও শর্ত ভঙ্গের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল সাতটি জাহাজভাঙার ইয়ার্ড আকস্মিকভাবে পরিদর্শন করে পরিবেশ শর্ত লঙ্ঘনের ঘটনা দেখতে পায়।এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার এসব ইয়ার্ডের মালিকদের শুনানির জন্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়েছে। শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত ১১ অক্টোবর প্রথম আলোয় ‘পুরোনো জাহাজ আমদানি বেড়েছে, বাড়ছে দুর্ঘটনা’ শীর্ষক সংবাদ ছাপা হয়। এরপর গতকাল মহাপরিচালক আকস্মিকভাবে প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন ইয়ার্ড পরিদর্শন করে অনিয়ম ও পরিবেশ শর্ত ভঙ্গের প্রমাণ পান। লঙ্ঘিত শর্তের মধ্যে শ্রমিকদের সুরক্ষা পোশাক না থাকা, বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং জাহাজভাঙার আগে গ্যাসমুক্ত না করা উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, ‘আমরা আজ (মঙ্গলবার) সাতটি ইয়ার্ড পরিদর্শন করেছি। কোনো না কোনো শর্ত লঙ্ঘনের প্রমাণ পেয়েছি। তাঁরা যেসব শর্ত পূরণের অঙ্গীকার করে পরিবেশ ছাড়পত্র নিয়েছিল তা কিছু কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। আগামী পরশু (বৃহস্পতিবার) শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল মহাপরিচালকের নেতৃত্বে দলটি সীমা স্টিল, ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ড, কেএসবি, আল ছাফা, সাঈদ স্টিল ও মাহিন স্টিল নামের শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করে। এ ছাড়া স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের ছেলে এস এম আল মামুনের ইয়ার্ড এস আর এস স্টিলও পরিদর্শন করে। সাংসদপুত্রের ইয়ার্ডে গত ১৭ জুলাই রাতে এক শ্রমিক নিহত হন। অথচ রাতে ইয়ার্ডে কাজ করার কোনো নিয়ম নেই।সম্প্রতি এসব ইয়ার্ড শর্ত লঙ্ঘন করেছে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ ছিল। এ ছাড়া এসব ইয়ার্ডগুলোতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সীমা স্টিলে গত মে ও ফেব্রুয়ারিতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হন। এর আগে ২০১০ সালে একই ইয়ার্ডে তিন শ্রমিক নিহত হন।