পরিবেশ অধিদপ্তরে আট ব্যবসায়ীকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরের আসামপুরে পাথর ভাঙার কল স্থাপন করতে টিলার চূড়া কেটে সমান্তরাল করায় আটজন পাথর ব্যবসায়ীকে ঢাকায় তলব করেছে পরিবেশ অধিদপ্তর। তাঁদের ১৯ নভেম্বর ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরে সশরীরে হাজির হতে বলা হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই আটজনকে তলবের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিলা কেটে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আইন লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে মো. আবদুল জব্বার, আবদুস শুকুর, মো. হাসেম, আবদুল মালেক, সোহেল আহমেদ, জহির মিয়া, আবু সুফিয়ান ও মো. আকবরকে কেন ক্ষতিপূরণ দণ্ড দেওয়া হবে না—এ বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হলো।
গত ২৭ অক্টোবর প্রথম আলোয় ‘টিলা কেটে পাথর ভাঙার কল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে একটি ইট ভাটা পরিচালনায় পরিবেশ ছাড়পত্র নিয়ে আরেকটি ইটভাটা পরিচালনা করায় এআরবি ব্রিকস নামের ইটভাটার মালিককে ১৯ নভেম্বর তলব করা হয়েছে।