পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে পাহাড় কেটে পুকুর খনন!
একটি পাহাড় পুরোপুরি কেটে ইতিমধ্যে পুকুর বানানো হয়েছে। আরেকটি পাহাড়ের একাংশ কাটা হয়ে গেছে। খনকযন্ত্র দিয়ে এখন চলছে বাকি অংশ কাটার কাজ। পাহাড় কাটা এই মাটি চলে যাচ্ছে পাশের দুটি ইটভাটায়। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই একটি পাহাড় কেটে পুকুর খনন করা হয়েছে। হাইকোর্টে রিট করে কাটা হচ্ছে অন্যটি।গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল লতিফপুর এলাকায় গিয়ে পাহাড় কেটে পুকুর বানানোর এই চিত্র দেখা গেছে। এএসবি ব্রিকস ইতিমধ্যে পাহাড় কেটে পুকুর বানিয়ে ফেলেছে। অন্যদিকে বেঙ্গল ব্রিকস পাহাড়ের একাংশ কেটে পুকুর করেছে। এখন বাকি অংশ কাটছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ সেপ্টেম্বর এক বছরের জন্য এএসবি ব্রিকসের আবেদনপত্র নবায়ন করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। সেখানে আটটি শর্ত দেওয়া হয়। ৬ নম্বর শর্তে বলা হয়েছে, ইট তৈরির জন্য যেখান থেকে মাটি কাটা হবে, সেখানে যথাসম্ভব পাড়বিশিষ্ট পূর্ণাঙ্গ পুকুর করতে হবে, যাতে মৎস্য চাষ করা যায়। ৭ নম্বর শর্তে বলা হয়, ইটভাটায় পাহাড়-টিলা থেকে মাটি সংগ্রহ করা যাবে না। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সাবেক পরিচালক মো. আবদুস সোবহান এ নবায়নপত্রে সই করেন। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের বর্তমান পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘আগের একজন পরিচালক নিয়মবহির্ভূতভাবে ইটভাটাগুলোকে পাহাড় কাটার অনুমতি দিয়েছিলেন। বেঙ্গল ব্রিকসের দায়ের করা একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। ফলে তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা আমরা খতিয়ে দেখছি। আর এএসবি ব্রিকসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি আমরা।’জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পাহাড় কাটা তদারকির দায়িত্বে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এখানে পাহাড় কাটার অভিযোগে গত ৩ মার্চ চউকের প্রধান প্রকৌশলী ও পাহাড় কর্তন/মোচন কমিটির সদস্য-সচিব ইকবাল হোসেন মজুমদার দুই ইটভাটার মালিককে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চউক সূত্রে জানা গেছে, পুকুর খনন করার আগে পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। তখন ওই ভূমি ধানি জমি থেকে কতটুকু উঁচু, তা নকশার মাধ্যমে দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। কারণ পাহাড়ি উঁচু জমিতে পুকুর খননের নিয়ম নেই। বাস্তবে এসব নিয়মের কিছুই মানা হয়নি।সরেজমিন গিয়ে দেখা গেছে, এএসবি ব্রিকস নামের একটি ইটভাটা পাশের একটি উঁচু ভূমি খনকযন্ত্র দিয়ে কাটতে কাটতে পাহাড়ি সমতল ভূমি থেকে অন্তত পাঁচ-ছয় হাত গভীর পুকুরে পরিণত করেছে। সেখানে দিনরাত চলছে মাটি কাটা। এএসবি ব্রিকসের ব্যবস্থাপক মোহাম্মদ রফিক প্রথম আলোর কাছে দাবি করেন, পুকুর খননের অনুমতি দেওয়ার আগে পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে কর্মকর্তারা ইটভাটা ও আশপাশের এলাকা পরিদর্শন করে গেছেন। তাঁরাই পুকুর খননের অনুমতি দিয়েছেন।এসবিএ ব্রিকসের পাশে অন্তত ২০০ হাত উঁচু একটি পাহাড় কেটে পুকুর খনন করা হয়েছে। বেঙ্গল ব্রিকস নামের ওই ইটভাটার অবস্থান পাহাড় ও পুকুর থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে। খনকযন্ত্র দিয়ে কাটা মাটি ছোট ট্রাকে করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। বেঙ্গল ব্রিকসের ব্যবস্থাপক গোলাপ শাহ দাবি করেন, ‘যে পাহাড় কাটছি সেটির মালিক আমরাই। এখান থেকে মাটি কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দেয়নি। ফলে আমরা অধিদপ্তরের বিরুদ্ধে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা এনে মাটি কাটছি। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এ বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা মাটি কাটছি।’