পরিবেশ অধিদপ্তরের আলোচিত পরিচালক মুনীর চৌধুরী বদলি
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় তাঁর বদলির আদেশ জারি করে প্রজ্ঞাপন দিয়েছে। গত দুই বছর পরিবেশ অধিদপ্তরে থেকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে বেশ আলোচিত হন মুনীর চৌধুরী।মুনীর চৌধুরীকে ২০১০ সালের শেষে এই পদে নিয়োগ দেওয়া হয়। গত দুই বছরে তিনি ৯৫০টি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পরিবেশ দূষণের অপরাধে মোট ৯২ কোটি টাকা জরিমানা করেন। সরেজমিন অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর জলাশয় ভরাট, অবৈধ আবাসন, কৃষিজমি ধ্বংস, বনভূমি উজাড় ও দখল এবং শব্দদূষণের মতো কার্যকলাপ উদ্ঘাটন করেন মুনীর চৌধুরী। অভিযান চালাতে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের রোষানলে পড়েন তিনি।বদলির আদেশ প্রসঙ্গে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার যেখানে চায়, দেশ ও জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাব। তবে আশা করব, দূষণবিরোধী অভিযানের ফলে পরিবেশ রক্ষায় সারা দেশে যে সচেতনতা তৈরি হয়েছে এবং পরিবেশ আইন মেনে চলার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।’ মুনীর চৌধুরী পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে রাজধানীর আশপাশের নদীতীরবর্তী মাত্র ৩০ শতাংশ শিল্পকারখানায় তরল বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) ছিল। দূষণবিরোধী অভিযান শুরু করার দুই বছরের মাথায় ৭০ শতাংশ কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে।দুই বছরে মুনীর চৌধুরী পরিবেশ দূষণবিরোধী অভিযানে বেক্সিমকো, মেঘনা, ইউনিক, আশিয়ান, ওয়ান, বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিষ্ঠানকে দণ্ডিত করেন।