সেই কাটা টিলায় বাণিজ্য মেলার রেস্তোরাঁ
পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেড় মাসেও বের হলো না ‘অজ্ঞাত’রা!
সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করতে সিলেটের শাহি ঈদগাহ মাঠের টিলা কাটার ঘটনায় মামলা হলেও পরিবেশ অধিদপ্তরের তদন্ত দেড় মাস ধরে চলছে। দেড় মাসের তদন্তেও মামলায় ‘অজ্ঞাত’ আসামির সন্ধান পাননি পরিবেশ অধিদপ্তরের তদন্তকারী কর্মকর্তা।গতকাল সোমবার যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, তদন্ত এখনো চলছে। এদিকে যে টিলা কাটার ঘটনায় মামলা হয়েছিল, বাণিজ্য মেলা শুরুর পর এর ওপর বসানো হয়েছে একটি রেস্তোরাঁ। কাটা টিলার ওপর ‘গ্রামীণ রেস্তোরাঁ’ স্থাপন করতে আরেক দফা টিলা কাটা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।সিলেট চেম্বারের উদ্যোগে নগরের শাহি ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার আয়োজন করতে গত ১৮ নভেম্বর টিলা কাটা হয়। ২০১০ সালের বাণিজ্য মেলার প্রধান ফটক নির্মাণ করতে টিলার একাংশ কাটা হয়েছিল। মেলার আয়োজন করতে টিলা কাটার ঘটনায় গত ১৯ ডিসেম্বর প্রথম আলোয় ‘সেই টিলাটি রক্ষা পেল না’ শিরোনামে দুই বছরের চিত্র নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সিলেট সদর উপজেলা প্রশাসন তদন্ত করে।উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) তারেক মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কাটার সত্যতা পান। তাৎক্ষণিক উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ‘অজ্ঞাত’দের আসামি করা হলেও পরিবেশ অধিদপ্তরের পরিচালক প্রথম আলোকে বলেছিলেন, তদন্তে অজ্ঞাতদের চিহ্নিত করা হবে এবং তাদের মামলার আসামি করা হবে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের পরিদর্শক মো. ফারুক হোসেনকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করে ২০ নভেম্বর থেকে তদন্ত শুরু হয়। প্রায় দেড় মাস পর গতকাল যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি।’ দেড় মাস ধরে চলা তদন্তে অজ্ঞাত আসামিদের কোনো নাম পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো অগ্রগতি নেই। তবে আমরা চেষ্টা করছি।’শাহি ঈদগাহর পার্শ্ববর্তী এলাকাবাসী জানায়, টিলা কাটার পর মামলা করা এবং পরিবেশ অধিদপ্তরের তদন্তে ঢিলেমির কারণে বাণিজ্য মেলায় সবচেয়ে দামি স্টল হিসেবে কাটা টিলাটি ব্যবহূত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাটা টিলায় ‘গ্রামীণ রেস্তোরাঁ’ বাসিয়ে চলছে খাবার-দাবার। রেস্তোরাঁ পরিচালনার সঙ্গে থাকা এক তরুণ জানান, মেলার আয়োজকদের কাছ থেকে তাঁরা এটি ভাড়া নিয়েছেন। মেলাস্থলে আয়োজক-দপ্তরে গেলে সংশ্লিষ্টরা এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ইভেন্ট ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত একজন জানান, তাঁরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেই রেস্তোরাঁ বসিয়েছেন।অবহিত করার বিষয়টি সত্য নয় জানিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলাজড়িত ও তদন্তনাধীন কোনো জায়গা এভাবে ব্যবহার অনুচিত। এটি আমাদের পর্যবেক্ষণে নেই। তাই সরেজমিনে দেখে পদক্ষেপ নেওয়া হবে।’