পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মানছে না কারখানা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে যশোরের অভয়নগরে অবস্থিত এসএএফ ইন্ডাস্ট্রিজকে প্রায় ৭০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের মধ্যে বর্জ্য শোধনাগার বসানোর নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। পাঁচ মাস পেরিয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ জরিমানা পরিশোধ করেনি। বসানো হয়নি বর্জ্য শোধনাগার, বন্ধ হয়নি পরিবেশদূষণ।পরিবেশ অধিদপ্তরের ঢাকা ও খুলনার একটি যৌথ দল অভয়নগরের তালতলায় ভৈরব নদের তীরে অবস্থিত এসএএফ কারখানায় সরেজমিন তদন্ত করে। প্রতিষ্ঠার পর থেকে ট্যানারিটি ক্ষতিকর, দূষিত ও অপরিশোধিত তরল বর্জ্য ভৈরব নদে ফেলছে। এতে করে নদের পানি দূষিত হওয়ার পাশাপাশি মাছ বিলুপ্ত হতে চলেছে। ওই সময় পর্যন্ত প্রায় দেড় বছরে এ কারখানা থেকে ২ দশমিক ২০ লাখ ঘনমিটার দূষিত ও অপরিশোধিত তরল বর্জ্য ভৈরব নদে নির্গমনের প্রমাণ পায় তদন্ত দলটি। পরিবেশদূষণের দায়ে অধিদপ্তরের ওই দল প্রতিষ্ঠানটিকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করে। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা প্রদান এবং ছয় মাসের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপনের জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এসব নির্দেশ অমান্য করলে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়।কিন্তু এখন পর্যন্ত ট্যানারিটি কোনো নির্দেশনাই মানেনি। সর্বশেষ ১৩ এপ্রিল পরিবেশ অধিদপ্তর জরিমানার টাকা প্রদান ও বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য চূড়ান্ত নোটিশ দেয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর পরও কারখানা কর্তৃপক্ষ অধিদপ্তরের নির্দেশনা মানেনি।পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি প্রতিদিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ৬০০ লিটার ধাতু ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলছে। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ৩২ বছর সময়ের বিবেচনায় এটা দেশের সবচেয়ে বড় পরিবেশদূষণের ঘটনা। জরিমানার টাকা প্রদান ও বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য তাদের বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারা বারবার আর্থিক সমস্যার কথা বলছে। তাদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। না মানলে কারখানাটি অচল করে দেওয়া হবে।জানতে চাইলে এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি পুরোপুরি অবগত নই। শুনেছি, হেড অফিস এটা ডিলিং করছে।’ বর্জ্য শোধনাগার স্থাপনের ব্যাপারে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। কাজ চলছে। কবে নাগাদ স্থাপনের কাজ শুরু করা যাবে, তা এখনই বলা যাচ্ছে না।