চট্টগ্রাম নগরের রাজাখালী খাল ভরাট করে সড়ক নির্মাণ বন্ধ রাখতে সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো অধিদপ্তরের এক নোটিশে কাজ কেন বন্ধ করা হবে না, জানতে চাওয়া হয়।নোটিশের অনুলিপি পরিবেশ প্রতিমন্ত্রী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধনী ২০১০ অনুযায়ী খাল ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। তাই রাজাখালী খাল ভরাট করে সড়ক নির্মাণ কেন বন্ধ করা হবে না এবং খাল ভরাট করার অপরাধে ১০ লাখ টাকা জরিমানা অথবা ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে কেন দণ্ডিত করা হবে না, জানতে চাওয়া হয়। আগামী ৯ জুনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশীদ বলেন, ‘সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশন রাজাখালী খাল ভরাট করে সড়ক নির্মাণ করছে। তাই আমি মৌখিকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।’