পরিবেশ অধিদপ্তরের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‘জীববৈচিত্র্য রক্ষার স্থাপনাও পর্যটনের জন্য ইজারা!’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে নিজেদের ব্যাখ্যা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ব্যাখ্যায় বলা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে বিগত সরকারের আমলে পরিবেশ ও প্রতিবেশের কথা চিন্তা না করে একটি প্রকল্পের মাধ্যমে রেস্টহাউস নির্মাণ করা হয়। ওই রেস্টহাউসের সঙ্গে সেখানে গবেষণাগার নামে একটি স্থাপনাও তৈরি করা হয়। প্রকল্প সাহায্য (উন্নয়ন) খাত থেকে নির্মাণের কারণে পরবর্তী সময়ে রাজস্ব খাত থেকে অর্থ ব্যয় করে এ স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি। শুধু সরকারি সম্পত্তি রক্ষায় সেগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, গবেষণাগারের অংশ ঠিক রেখে শুধু রেস্টহাউস এবং সংশ্লিষ্ট ডরমিটরটি এই শর্তে ইজারা দেওয়া হচ্ছে যে গবেষণার কাজে যাঁরা সেন্ট মার্টিন যাবেন তাঁরা যেন সুলভে এ রেস্টহাউস ব্যবহার করতে পারেন। দীর্ঘদিন অব্যবহূত থাকার কারণে গবেষণাগারের সোলার প্যানেলসহ অনেক সম্পদ নষ্ট হতে চলেছে। গবেষণাগারের যথাযথ ব্যবহার নিশ্চিত করে অফিস ভবন এবং গবেষণাগার ছাড়া শুধু রেস্টহাউস এবং ডরমিটরি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে।