পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনের ব্যক্তিগত হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ আমদানিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে অনাপত্তিপত্র দেওয়ায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজন গতকাল বুধবার হাইকোর্টে হাজিরা দিয়েছেন। এরপর তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদ হাজির না হওয়ায় তাঁকে ২৮ অক্টোবর হাজির হতে বলা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ছয়জনকে ১৩ অক্টোবর সশরীরে হাজির হতে নির্দেশ দেন। তাঁরা হলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান মোশাররফ আশরাফ ও কালেক্টর অব কাস্টমস (আমদানি, চট্টগ্রাম বন্দর) গোলাম কিবরিয়া। জানা যায়, গত বছরের ১৭ মার্চ রায়ে আদালতের এক রায়ে জাহাজভাঙা বিষয়ে নয় দফা নির্দেশনা দেন হাইকোর্ট। রায়ে বাংলাদেশে অনুপ্রবেশের আগে আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রিক্লিনিং) নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সমুদ্র পরিবহন অধিদপ্তর অনাপত্তি (এনওসি) প্রদানের কথা বলা হয়। তবে সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র ব্যতীত এম ভি বাদরি ও এমটি বিও নামের জাহাজ আমদানির জন্য ২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দেয়। এটি আদালত অবমাননার শামিল দাবি করে বেলা হাইকোর্টে আদালত অবমাননার মামলাটি করে। জামিন: একটি মামলায় বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী ইকবাল কবিরের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তিন মাস অথবা অভিযোগ গঠনের আগ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৯ সেপ্টেম্বর মানহানি ও ব্যবসায় ক্ষতির অভিযোগে চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে ম্যাক গ্রুপের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। পরে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করা হয়।