পরিবেশ অধিদপ্তরের শোকজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের শোকজ নোটিশের প্রতিবাদে লালমনিরহাট জেলা ইটভাটা মালিক সমিতি গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছে। তারা শহরের সাপটানা রোডে অবস্থিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন করে।
পরিবেশ অধিদপ্তর রংপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান টুকুর ১ মার্চ স্বাক্ষরিত একটি শোকজের নোটিশ গত বৃহস্পতিবার জেলার ২২টি ইটভাটার মালিকের কাছে পৌঁছায়। নোটিশে ইটভাটায় কৃষিজমির ওপরের মাটির (টপ সয়েল) ব্যবহার বন্ধের কথা বলা হয়েছে। এ ছাড়া ইটভাটায় জমির ওপরের মাটি ব্যবহারের ফলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসহ কৃষিজমি বিনষ্টের অভিযোগ আনা হয়। নোটিশে ইটভাটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ ব্যাখ্যা সাত দিনের মধ্যে দিতে বলা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আবদুল হাকিম সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জমির ওপরের মাটি ইট তৈরিতে ব্যবহার হয় না। যাঁরা পুকুর খনন করেন, মৎস্য খামার করেন ও উঁচু জমি চাষযোগ্য করতে সমতল করেন, তাঁদের কাছ থেকে মাটি সংগ্রহ করা হয়।