পরিবেশ অর্থনীতির নামে প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার নারীদের সংগঠন ‘সোয়ান’ পরিবেশবান্ধব অর্থনীতির নামে প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার দৃঢ়ভাবে প্রতিহত করতে চায়। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে গতকাল রোববার এ বিষয়ে সংগঠনের সদস্যরা মতৈক্যে পৌঁছান। সম্মেলন শেষে যুক্ত বিবৃতিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা বলেন, ‘একসময় যারা প্রকৃতিকে ধ্বংস করেছে, তারাই এখন পরিবেশবান্ধব অর্থনীতির কথা বলছে। শস্য, জীববৈচিত্র্য থেকে ভূমি ও পানি, এমনকি আমাদের দক্ষতা এবং পরিবেশবান্ধব যে সেবা আমরা দিয়ে চলেছি, তার অল্প কিছু অংশ অবশিষ্ট আছে এখন। পরিবেশবান্ধব অর্থনীতির নামে এখন তারা সে সম্পদকে নিজেদের ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাতে চায়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, সোয়ান মনে করে, পরিবেশবান্ধব অর্থনীতি গড়তে জীববৈচিত্র্যকে টিকিয়ে রেখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ জন্য কাজে লাগাতে হবে দক্ষিণ এশীয় নারীদের চিরায়ত জ্ঞান।এদিকে সম্মেলনের শেষ দিনে বিশেষ অতিথির বক্তব্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষের মধ্যে বেতনবৈষম্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলে নারীরা পুরুষের তুলনায় ৫৪ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কম বেতন পেয়ে থাকে। পদোন্নতি, বেতন বাড়ার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য আছে।বেতনবৈষম্যের পাশাপাশি নারীরা সব সময় আইনের সহায়তা পায় না বলেও মন্তব্য করেন তিনি। আইরিন খান বলেন, নারী নির্যাতন রোধে বাংলাদেশ বেশ কিছু ভালো আইন করেছে, কিন্তু এর ফলাফল আশানুরূপ নয়। একটি প্রগতিশীল সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সব ধর্মের নারীদের জন্য একটি সুনির্দিষ্ট আইন করতে সরকার ভয় পায়। এসব বৈষম্য দূর করতে সুশীল সমাজ কাজ করতে পারে। দক্ষিণ এশিয়ায় সুশীল সমাজ খুব সক্রিয়, তবে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো নিয়েও প্রশ্ন আছে।আলাদাভাবে শিল্পকলা ও সাহিত্য, শান্তি, স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা, শিক্ষা, চারুকলা ও বস্ত্রশিল্প, ক্ষুদ্রঋণ, জীবন ও জীবিকা এবং উন্নয়ন, সংবাদমাধ্যম ও পরিবেশ এ ক্ষেত্রগুলোর সমন্বয়করা আগামী বছরগুলোর জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন। আফগানিস্তান থেকে আসা সাত সদস্যের প্রতিনিধিদল সে দেশের নারীদের উন্নয়নে অন্যান্য দেশের সহযোগিতা চান। আফগানিস্তানের সাংসদ শিঙ্কাই জাহিন কারোখাইল বলেন, তাঁর দেশে মেয়েরা এখনো চরম বৈষম্যের শিকার। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উদ্বেগজনক।সোয়ান আফগানিস্তানের নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা দেবে বলে জানায়।গতকাল বিভিন্ন দেশের প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সুফিবাদ, শিক্ষা ও ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার, নারী ও ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সোয়ানের আহ্বায়ক ও ফোর্ড ফাউন্ডেশনের চেয়ার বীণা সিক্রি। উপস্থিত ছিলেন নয়টি দেশের ৭০ জন সাহিত্যিক, শিক্ষাবিদ, বিচারক, মানবাধিকারকর্মী ও শিল্পোদ্যোক্তারা। সোয়ানের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে।