পরিবেশ অলিম্পিয়াড শুরু হচ্ছে ৩০ জুন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সারা দেশে ‘পরিবেশ অলিম্পিয়াড’ শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে ৩০ জুন বাপা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী পরিবেশ অলিম্পয়াড অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বাপার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘পরিবেশ রক্ষাই সবার সুরক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠেয় অলিম্পিয়াডে ঢাকা মহানগরের সব কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অলিম্পয়াডে ঢাকা মহানগরের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে দুটি আলাদা গ্রুপে (কলেজ পর্যায় এবং বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ) সর্বোচ্চ পাঁচজন করে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী নির্বাচনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজ উদ্যোগে ছোট প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধনী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী নির্বাচন করতে পারলে ভালো হয়। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবেশবিষয়ক জ্ঞানসম্পন্ন, পরিবেশকর্মী, পরিবেশবিষয়ক লেখালেখির অভিজ্ঞতাসম্পন্ন ও আগ্রহী, পরিবেশবিষয়ক ক্লাব বা সংগঠন চর্চার সঙ্গে সংশ্লেষ আছে এমন শিক্ষার্থীদের অংশ নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। বিভাগ ও প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব রীতিনীতি ঠিক রেখে এই মনোনয়নপ্রক্রিয়া চূড়ান্ত করবে। নিজস্ব প্যাডে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নামের তালিকা উল্লেখ করে যোগাযোগ নম্বরসহ (বিশেষত মুঠোফোন ও ই-মেইল) ১৫ জুনের মধ্যে ই-মেইলে বা ডাকযোগে পাঠাতে আহ্বান জানানো হয়। পাঠানোর ঠিকানা: ড. সিরাজুল ইসলাম, আহ্বায়ক, উদ্বোধনী অলিম্পিয়াড-২০১২ আয়োজক কমিটি এবং সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ই-মেইল: [email protected]। বাপা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিবের সঞ্চালনায় এতে অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া অলিম্পিয়াড আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বিধান চন্দ্র পাল অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন।