পরিবেশ আইন মেনে চলতে প্রতিমন্ত্রীর আহ্বান
বিদ্যমান শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) স্থাপনসহ পরিবেশ আইন মেনে চলতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। ইটিপি স্থাপন না করে কেউ পরিবেশ আইন ভঙ্গ করলে জেল-জরিমানার বিধান কার্যকর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।গতকাল বুধবার গাজীপুরের ১৫০ জন শিল্প ও কলকারখানা মালিকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংসদেরাও পরিবেশ সম্মতভাবে শিল্প স্থাপনের জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানান। সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে জানানো হয়, গাজীপুর শিল্প এলাকার দুই হাজার ২৩৩টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দুই হাজার ১২৯টিতেই ইটিপি নেই। এসব শিল্পপ্রতিষ্ঠান থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদী-নালা ও জলাশয়ে গিয়ে পড়ছে। ফলে মাছ, ফসল, জীবজন্তু ও জীববৈচিত্র নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে। পরিবেশ আইন ভঙ্গকারীদের পাঁচ বছরের জেল বা পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধানের কথা উল্লেখ করে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এই দণ্ড না নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শিল্পমালিকদের উচিত ইটিপি স্থাপন করা।