পরিবেশ আইন মেনেই রামপালে প্রকল্প: পরিবেশমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালসহ যে কোনো প্রকল্পের কাজ শুরু করতে হলে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। ওই প্রকল্পকে বেশ কিছু শর্তে সেই অনুমোদন দেওয়া হয়েছে। রামপাল কর্তৃপক্ষ দেশের পরিবেশ আইন মেনেই কাজ করার অঙ্গীকার করেছে।

আজ বিকেলে জাতিসংঘের ২২ তম জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রশ্ন উঠে। বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর প্রধান কার্যালয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে আলোচনা করে ফিরে এসেছে। ইউনেসকো রামপাল প্রকল্প বাতিলসহ অন্যান্য সুপারিশ মানার জন্য সরকারকে বলেছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ চাইবে। কিন্তু নিজেই রামপাল প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি করবে। তাহলে ওই সম্মেলনে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে কি না। একজন সাংবাদিকের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হলে সংবাদ সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে এর কোন উত্তর দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে অর্থ পেতে দুই পথে এগোচ্ছে বাংলাদেশ। মরক্কোর মারাকাস শহরে আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জিসিএফ থেকে সরাসরি অর্থ দেওয়ার দাবি তুলবে। একই সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক মান নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাত থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পাঁচজন মন্ত্রী ও ছয়জন সচিবসহ ২৯ সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবেন বলে।

উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মরক্কো সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে একটি রূপরেখা চাইবে বলে জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা সবগুলো জলবায়ু সম্মেলনে আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।