মৌলভীবাজারের ছোট-বড় নদী ও খালে বিষ ঢেলে মাছ মারার ঘটনা দেদার ঘটছে। এত দিন এসব ঘটনায় মৎস্য আইনে মামলা হয়েছে। কিন্তু সাজার পরিমাণ কম থাকায় বিষ প্রয়োগকারীরা আইনের তোয়াক্কা করত না। বিষ দিয়ে মাছ মারার ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া থানায় এই প্রথম পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এ আইনে ১০ বছর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।পরিবেশ অধিদপ্তর, মৎস্য বিভাগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ছোট-বড় নদী বা খালে বছরের বিভিন্ন সময় বিষ দিয়ে মাছ মারার ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের শুকনাছড়া নদীর বুধপাশা ও দীঘলকান্দি গ্রামসংলগ্ন স্থানে বিষ প্রয়োগ করে। পরদিন ওই চক্র জাল দিয়ে মাছ ধরে। এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে ফজলু মিয়া ও কয়ছর আলী নামের দুজনকে দুটি জালসহ আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় গত শনিবার কুলাউড়া থানায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ ও কুলাউড়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইসিএর (ইকোলজিক্যাল ক্রিটিকেল এরিয়া) ব্যবস্থাপনা ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম বাদী হয়ে আটক দুজনসহ নয়জনের নামে মামলা করেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, পরিবেশ আইনে একটি মামলা হয়েছে। দুজন গ্রেপ্তারও হয়েছে। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এত দিন বিষ দিয়ে মাছ মারার ঘটনায় মৎস্য আইনে মামলা হয়েছে। মৎস্য আইনে প্রথমবার কোনো ব্যক্তির সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই ব্যক্তি দ্বিতীয়বার অপরাধ করলে সর্বোচ্চ সাজা এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা। ইসিএর ব্যবস্থাপনা ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৎস্য আইনে সাজার পরিমাণ কম হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। এতে ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে। বিষ দিয়ে মাছ মারার ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে মৌলভীবাজারে এই প্রথম কোনো মামলা হলো।জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া বলেন, ‘বিষের কারণে জলজ জীববৈচিত্র্য মারা যাবে। পানিতে বিষক্রিয়া যত দিন থাকবে জীববৈচিত্র্যের পুনরাবির্ভাব হবে না; জলজ পরিবেশ ধ্বংস, মাছের পোনা, রেণু মারা যাবে। যত দিন বিষের মাত্রা থাকবে, তত দিন মাছের উৎপাদন হবে না।’