পরিবেশ আদালত আইনের সংশোধন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত কর্মশালায় বক্তারা পরিবেশ আদালত আইনকে যুগোপযোগী করতে এটি সংশোধন বা নতুন একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া আইন প্রয়োগের সঙ্গে পরিবেশবিষয়ক গবেষণা, বিজ্ঞানী ও নাগরিক সংগঠন—এগুলোকে যুক্ত রাখার পরামর্শ দেন তাঁরা। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক পরিবেশ আদালত আইনের বিভিন্ন সীমাবদ্ধতা মেনে নিয়ে দু-তিন দিনের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রতিশ্রুতি দেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ঋত্বিক দত্ত বলেন, ভারতে পরিবেশের ক্ষতির আশঙ্কায় পরিবেশ আদালত এখন পর্যন্ত অনেকগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, খনি প্রকল্প বাতিল করেছেন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ আদালত আইনের নানা দুর্বল দিক তুলে ধরেন বলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তবেই এ আদালতে মামলা করা যায়। ফলে মামলার রায় পেতে পেতে অনেক সময় পাহাড় কাটা, জলাশয় ভরাটসহ পরিবেশ ধ্বংসকারী অনেক কাজ শেষ হয়ে যায়।
বক্তব্য দেন পরিবেশ আইনজীবী মিনহাজুল হক, পরিবেশ অধিদপ্তরের আইন শাখার পরিচালক জাফর সিদ্দিকী, যুক্তরাজ্য সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউকেএইডের কমিউনিটি লিগ্যাল সার্ভিস বিভাগের দলনেতা জিরোমি সাইরি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান এ এন এম ওয়াহেদ, ফিলিপাইনের আইন বিশেষজ্ঞ রোসে লিজা এইসমা ওসোরিও প্রমুখ।