পরিবেশ উন্নয়নের অন্তরায়গুলো সমূলে উপড়ে ফেলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল সোমবার যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

কুষ্টিয়ায় আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সারা দেশে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ আইন ও নীতিমালা কার্যকর করতে হবে। সমূলে উপড়ে ফেলতে হবে টেকসই পরিবেশ উন্নয়নের অন্তরায়গুলো। এ জন্য গণমাধ্যমকে সম্পৃক্ত করে বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যেতে হবে।

এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’। বিস্তারিত জানিয়েছেন প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।

যশোর কালেক্টরেট প্রাঙ্গণ থেকে সকালে শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলে গিয়ে শেষ হয়। স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মাদ আতাউর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুল হক। পরে শিশু-কিশোরদের রচনা, স্লোগান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে অভয়নগর উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক বৃক্ষ রোপণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা পরিষ্কার করা হয়।

কুষ্টিয়ায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে রচনা প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গায় সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সেটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রাজ্জাক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন, পৌরমেয়র ওবায়দুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা প্রমুখ।

মেহেরপুরে সকাল নয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।