পরিবেশ খাতে হাজার কোটি ডলার প্রয়োজন
দেশের বন ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে এক হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের পক্ষে এই তিন খাতে ৫৭০ কোটি ডলার ব্যয় করা আপাতত সম্ভব। ফলে এখনো ঘাটতি রয়ে যাচ্ছে প্রায় ৪৩০ কোটি ডলার।
বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনায় এ হিসাব তুলে ধরা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই প্রতিবেদনটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির সহায়তায় তৈরি ওই পরিকল্পনার খসড়া মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তুলে ধরা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রকল্পের জাতীয় পরামর্শক শাহ মোহাম্মদ মাহবুব। স্বাগত বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। খসড়া প্রতিবেদনটি এফএও–এর ওয়েবসাইটে সবার মতামতের জন্য দেওয়া হয়েছে। সকল অংশীজনের মতামত নেওয়ার পর সিআইপি চূড়ান্ত করবে সরকার।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুধু টাকার দরকারের কথা বলছি, কিন্তু আজ যদি মন্ত্রণালয়কে সব টাকা দেওয়া হয়, তাহলে সে টাকা খরচ করার মতো সক্ষমতা আছে কি না তা দেখতে হবে।’ মন্ত্রী বলেন, ‘বিশ্বে এখন সবচেয়ে বড় সমস্যা হলো বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়া। তবে এ কারণে যে বাংলাদেশ ১০ মিটার পানির নিচে তলিয়ে যাবে, আমি সেটাও বিশ্বাস করি না। এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’ মন্ত্রী আরও বলেন, অনেক মন্ত্রণালয় আছে যেখানে টাকা অপচয় হয়। উপজেলা পর্যায়ে অনেক সড়ক সঠিকভাবে করা হয় না। অথচ সেসব উপজেলায় এখনো সুপেয় পানি নিশ্চিত করা যায়নি।
খসড়া প্রতিবেদনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তন ও প্রশমন খাতে। আগামী পাঁচ বছরে এই খাতে ৪৩৬ কোটি ডলার বা ৩৪ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া দূষণ নিয়ন্ত্রণে ৩৬৫ কোটি ডলার, প্রাকৃতিক সম্পদ ও বন ব্যবস্থাপনায় ১৩৬ কোটি ডলার এবং পরিবেশগত সুশাসনে ৬৩ কোটি ডলার বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।