পরিবেশ ছাড়পত্র ছাড়া নির্মিত বহুতল ভবন মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের অপরাধে গুলশানের নিকেতনে একজন ভবনমালিককে সাত লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের সরেজমিন তদন্তে অপরাধ প্রমাণিত হলে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার ভবনমালিককে এই দণ্ডাদেশ দিয়ে পরিবেশ ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেন। জরিমানা করা ভবনটি ১২ তলা। এটি গুলশানের নিকেতনের ব্লক-এ, সড়ক-১ এর ২৫ নম্বর প্লটে নির্মিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, ভবন নির্মাণের জন্য প্রথমে অবস্থানগত ছাড়পত্র এবং পরবর্তী সময়ে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। পরিবেশ ছাড়পত্রের শর্ত অনুযায়ী বহুতল ভবনের সামনে ও পাশে গাছপালা লাগিয়ে সবুজায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ ও নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট-ব্যবস্থা রাখতে হয়। কিন্তু ওই ভবনের মালিক এই নিয়ম অনুসরণ করেননি। বহুতল ভবনটি আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগমের নামে। নয়তলার অনুমোদন নিয়ে ১২ তলা এই বাড়ি নির্মাণ করা নিয়ে ১০ নভেম্বর প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, অনুমোদিত নকশার সঙ্গে নির্মিত বাড়িটির অনেক অমিল রয়েছে।গতকাল ভবনমালিকের পক্ষে এইচ বি এম ইকবালের একান্ত সচিব মোস্তফা তালুকদার পরিবেশ অধিদপ্তরকে বলেন, তাঁরা পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করবেন এবং পরিবেশ আইন অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, রাজধানী ঢাকাকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় ভবন নির্মাণে পরিবেশ আইনের যথাযথ বাস্তবায়ন অপরিহার্য। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর রাজধানীজুড়ে নিয়মিত অভিযান চালাচ্ছে।