১০টি প্রকল্পকে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) ও পরিবেশ ছাড়পত্রের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে অনুরোধ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও একই বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন। আরইবি ওই মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা।
১০টি প্রকল্পের সবই বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন সম্প্রসারণ-সংক্রান্ত। পরিবেশ সংরক্ষণ বিধিমালা (১৯৯৭) অনুযায়ী, পানি, বিদ্যুৎ ও গ্যাস বিতরণ লাইন স্থাপন, প্রতিস্থাপন এবং সম্প্রসারণ-সংক্রান্ত প্রকল্পগুলো লাল শ্রেণিভুক্ত, অর্থাৎ এগুলোর মারাত্মক পরিবেশদূষণ সৃষ্টির ঝুঁকি আছে। পরিবেশ সংরক্ষণ আইন (২০১০)-এর ১২(ক) ধারা অনুযায়ী, লাল তালিকাভুক্ত কোনো প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব সমীক্ষা করিয়ে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।
এ বিষয়ে মন্তব্য জানতে গত রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘গ্রামের মানুষের কাছে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা প্রকল্পগুলো নিয়েছি। এসব প্রকল্পে গ্রামে কিছু খুঁটি পোঁতা হবে এবং সাবস্টেশন করা হবে। এতে পরিবেশের ক্ষতির কোনো আশঙ্কা নেই। এ কারণে আমরা ইআইএ ও পরিবেশ ছাড়পত্র থেকে অব্যাহতি চেয়েছি।’
গত ৫ জানুয়ারি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে প্রতিমন্ত্রী বলেন, ওই প্রকল্পগুলোর বেশির ভাগই বৈদেশিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বাস্তবায়িত হবে। ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র পাওয়া না গেলে বৈদেশিক অর্থ পাওয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। ফলে ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ-সুবিধার আওতায় আনার কার্যক্রম ব্যাহত হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, সরকারি একটি সংস্থা হিসেবে নিজেদের প্রকল্পগুলোর পরিবেশ প্রভাব সমীক্ষা ও পরিবেশ ছাড়পত্র থেকে অব্যাহতি চাওয়া খুবই অন্যায়। এর মানে দাঁড়ায় তারা সংবিধান ও পরিবেশ আইন লঙ্ঘনের অনুমতি চাচ্ছে।
ইতিমধ্যে ওই ১০টি প্রকল্পকে ছাড়পত্র থেকে অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ ও পরিবেশ বিধিমালা অনুযায়ী বিদ্যুৎ প্রকল্প মারাত্মক পরিবেশদূষণের ঝুঁকিপূর্ণ বা লাল শ্রেণিভুক্ত। ফলে পরিবেশ আইন মেনে ও যথাযথ নিয়ম অনুসরণ করে প্রকল্পগুলোকে ছাড়পত্র দেওয়ার পক্ষে পরিবেশ অধিদপ্তর।
এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুত্সহ সব অগ্রাধিকার প্রকল্পই পরিবেশ ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। সামনের দিনে আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। ফলে নিয়ম মেনেই প্রকল্পগুলোকে ছাড়পত্র নিতে হবে।’
ওই ১০টি প্রকল্পের একটি হচ্ছে সোলার সেচপাম্প স্থাপনের মাধ্যমে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিবিষয়ক প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কার্বন নিঃসরণ না করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বের জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখা।
এ ব্যাপারে জানতে চাইলে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রকল্পের আওতায় কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার হবে না। ফলে পরিবেশের ক্ষতিরও কোনো আশঙ্কা নেই। এ বিষয়টিকে বিবেচনা করতেই আমরা আবেদন করেছি। আশা করছি, পরিবেশ ও বন মন্ত্রণালয় দেশের মানুষকে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্বার্থে তা বিবেচনা করবে।’
তবে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের ওই চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় প্রতিটি সরকারি ও বেসরকারি প্রকল্প শুরুর আগে পরিবেশ ছাড়পত্র নেওয়া এবং ইআইএ দাখিল করার কথা বলা হয়েছে। গত বছরের ৭ জুন একটি রিট পিটিশনের ওপর দেওয়া আদেশে বলা হয়েছে, প্রতিটি প্রকল্পের আগে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে আরইবিকে প্রতিটি প্রকল্পের প্রস্তাবনা বা ডিপিপি পরিবেশ অধিদপ্তরের কাছে দাখিল করতে বলা হয়েছে।