পরিবেশ ছাড়পত্র ছাড়াই বগুড়ায় শতাধিক ইটভাটা
বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শতাধিক ভাটায় ইট পোড়ানো হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা করা যাবে না। কিন্তু এসব নিয়ম না মেনেই শর্ত সাপেক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব ইটভাটার নিবন্ধন দেওয়া হয়েছে। আর মালিকেরা শর্ত পূরণ না করেই ভাটার কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে-সেখানে এসব অবৈধ ইটভাটা নিয়ে এলাকার লোকজন মিছিল-সমাবেশ করার কারণে এবার জেলা প্রশাসন থেকে ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। আগামী এক মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা অবস্থানগত ছাড়পত্র জমা দেওয়ার জন্য ভাটার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জনবসতি রয়েছে— এমন এলাকায় যেখানে তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, গাবতলী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব নিয়ম না মেনেই ইটভাটা স্থাপন করা হয়েছে। ভাটা এলাকায় সব সময় ট্রাক চলাচলের কারণে একদিকে যেমন শব্দদূষণ বেড়েছে, তেমনি ধুলাবালিতে অতিষ্ঠ এলাকার লোকজন। শাজাহানপুর উপজেলার দুরুলিয়া, খলিশাকান্দিসহ বেশ কিছু এলাকায় লোকালয়ে ইটভাটার কারণে মানুষ তা বন্ধের জন্য আন্দোলনে নেমেছে। তারা প্রতিনিয়ত মিছিল-সমাবেশ করে যাচ্ছে। প্রথম আলোয় এ ব্যাপারে একাধিক খবর প্রকাশের পর একটি ইটভাটার ছাড়পত্র বাতিল ও অপর চারটি ভাটার মালিকদের নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই উপজেলায় এক বর্গকিলোমিটারের মধ্যে ১৮টি ইটভাটা রয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে অবৈধভাবে এসব ইটভাটার নিবন্ধন বা পরিবেশ ছাড়পত্র দিয়েছে। বর্তমানে এই দুটি বিভাগের কর্মকর্তা সদ্য যোগদান করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিয়েছেন। তারই অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখা থেকে ইটভাটার মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মো. আরিফুজ্জামানের ১৭ এপ্রিল তারিখে স্বাক্ষরিত একটি চিঠি ভাটার মালিকদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা অবস্থানগত ছাড়পত্র প্রদানের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে, এসব ছাড়পত্রের কাগজ এখনো দাখিল করা হয়নি। এই অবস্থায় চিঠি পাওয়ার এক মাসের মধ্যে এসব ছাড়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ছাড়পত্র দেওয়া হয়েছে এমন ভাটার সংখ্যা ১৩১টি। পরিবেশ অধিদপ্তরের এই হিসাব অনুযায়ী জেলায় প্রায় শতাধিক ইটভাটা অবৈধভাবে ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম বজলুর রশিদ বলেন, কৃষিজমি ক্ষতি করে লোকালয়ে কোনো ইটভাটা করা যাবে না। কিন্তু দেখা গেছে, তাদের কাছ থেকে কোনো তথ্য না নিয়েই এসব ভাটা করার অনুমতি দেওয়া হচ্ছে। কৃষিজমির ওপর অংশের মাটিও তুলে নেওয়া হচ্ছে। মাঝারি আকারের একটি ইটভাটায় প্রতিবছর প্রায় পাঁচ লাখ ঘনফুট মাটি ব্যবহার হচ্ছে। এ হিসাবে প্রতিবছর ২০ থেকে ৪০ বিঘা জমির ওপর অংশের মাটি ভাটায় চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক আফরিন আখতার বলেন, অবৈধ ইটভাটা বন্ধ করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, সরকারি পরিপত্রে বলা হয়েছে, পরিবেশের ছাড়পত্র নিয়ে ইটভাটার লাইসেন্স দেওয়ার নিয়ম। কিন্তু জেলা প্রশাসন তা করেনি।