পরিবেশ ছাড়পত্র নিতে নারাজ জাহাজভাঙা শিল্পের মালিকেরা
জাহাজভাঙা শিল্পকে ‘পরিবেশবান্ধব’ হিসেবে দাবি করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন থেকে এই শিল্পকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশের কোনো জাহাজভাঙা শিল্পের বর্তমানে পরিবেশ ছাড়পত্র নেই, এ কথা স্বীকার করে নিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, পরিবেশ ছাড়পত্র নেওয়ার বিদ্যমান নিয়ম দেশের বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ম মেনে ব্যবসা করতে গেলে কোনো জাহাজ আমদানি করা যাবে না। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ‘জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার সমালোচনা করে ১৬টি সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরা হয়। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে প্রতিটি জাহাজের জন্য ছাড়পত্র নেওয়ার বিধান কার্যকর করতে গেলে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করা যাবে না মন্তব্য করে সংগঠনের নেতারা বলেন, এই বিধি কার্যকর হলে দেশে জাহাজভাঙা শিল্প বন্ধ হয়ে যাবে। পুরোনো জাহাজ আমদানিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া বাস্তবসম্মত নয়, এমন অভিযোগ তুলে অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, যারা জাহাজভাঙা শিল্পটিকে বন্ধ রাখতে চায়, তাদের পরামর্শেই এই বিধিমালা তৈরি করা হয়েছে। ছাড়পত্র দেওয়ার জন্য যে বিধিমালা তৈরি করা হয়েছে তা অবাস্তবিক, এ শিল্পের ব্যবসার ধরনের সঙ্গে অতিমাত্রায় অসামঞ্জস্যপূর্ণ, অপ্রয়োগযোগ্য এবং জাহাজ আমদানি না করার বিশেষ ব্যবস্থাসংবলিত। ‘জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’ অনুযায়ী ছাড়পত্র নিতে গেলে তাদের ১১০ দিন প্রয়োজন হয়। এত দীর্ঘ সময় ছাড়পত্র নেওয়ার জন্য ব্যয় করলে এই শিল্প পরিচালনা করা যাবে না। সংগঠনের সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, চামড়া শিল্পের প্রতিষ্ঠানগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও তাদের পরিবেশ ছাড়পত্র দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্রের বিষয়ে সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের নিয়ম রেখেছে বলে উল্লেখ করে তিনি।