পরিবেশ ছাড়পত্র পেতে আমিও টাকা দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর থেকে একসময় একটি ছাড়পত্র পেতে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন বলে জানালেন স্বয়ং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মন্ত্রী এ কথা জানিয়ে বলেছেন, এবার মন্ত্রী হওয়ার পর তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের ‘ভাবমূর্তি ভালো করার জন্য’ বলেছেন।
গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জলাশয় ভরাট, নগরায়ণ ও সুশাসন’ বিষয়ে এক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে এ অকপট স্বীকারোক্তি দেন পরিবেশমন্ত্রী। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কথাটি বলেন।
অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ছয়টি পরিবেশ ও পেশাজীবী সংগঠন সেমিনারটির আয়োজন করে।
মন্ত্রীর নির্ধারিত বক্তৃতা শেষে জামিলুর রেজা চৌধুরী জলাধার রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পয়সা লাগবে না, কেবল আপনাদের সদিচ্ছা দরকার। এটা নিশ্চিত করুন যে অবৈধ প্রকল্পগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাবে না।’ এরপর মন্ত্রী পরিবেশ ছাড়পত্রের জন্য টাকা দেওয়ার কথাটি বলেন।
পরিবেশ ও বনমন্ত্রী মিরপুর ও আশুলিয়ার ইটের ভাটাগুলো ঢাকার বায়ুদূষণের জন্য অনেকটা দায়ী বলে মন্তব্য করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আধুনিক পদ্ধতিতে যাঁরা ইটভাটা করবে না, আগামী ১৬ জুন সেগুলো ধ্বংস করে দেওয়ার কথা। আমি অধিদপ্তরের লোকদের বলেছি, এগুলো ধ্বংস করার আগে মন্ত্রী-সাংসদদের সঙ্গে কথা বলে নিয়ো। নয়তো আমার চাকরি চলে যাবে।’
মন্ত্রী, পরিবেশবিদ, স্থপতি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্বদের অংশগ্রহণে এই সেমিনারে প্রায় সবাই মত দেন, জলাশয় ভরাটের প্রধান কারণ রাজনৈতিক দুর্বৃত্তায়ন।
প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘বিভিন্ন সময় গুলশান লেক ভরাট করে মন্ত্রী-সাংসদদের প্লট দেওয়া হয়েছে। ভবিষ্যতে জলাশয় ভরাট বা ড্যাপ সংশোধন করে কোনো আবাসন প্রকল্প করতে দেওয়া হবে না।’
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘এক প্রধানমন্ত্রী হাতিরঝিলে বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আরেকজন ভবন উদ্বোধন করলেন।...দুই প্রধানমন্ত্রীকে ওই স্থানে যারা নিয়ে গিয়েছিল, তাদেরকে জনসমক্ষে এনে বিচার করা হোক।’
এখনই যদি সরকার এমন ঘোষণা দেয় যে বুড়িগঙ্গা ভরাট করা হবে, তবে এর সমর্থনে লোকের অভাব হবে না, বলেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
রাজনৈতিক দুর্বৃত্তায়নই জলাশয় দখলের মূল কারণ বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আর এই দুর্বৃত্তদের অতীতের অত্যাচারী নীলকরদের সঙ্গে তুলনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।
গণমাধ্যমেরও কিছু লোকের ভূমিদস্যুতায় জড়িত থাকার ইঙ্গিত দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘একে অপরকে ভূমিদস্যু হিসেবে গালি দিয়ে দুই পত্রিকার লড়াই চোখে পড়ে।’
জলাশয় ধ্বংসকারী ভূমিদস্যুদের রোখার জন্য সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মত দেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।