ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বিবেচনায় ঢাকা বসবাসের অযোগ্য নগরে পরিণত হওয়ার পেছনে পরিবেশগত বিষয়ের পাশাপাশি অশুভ শক্তির নারকীয় তৎপরতা, চোরাগোপ্তা হামলা, নিরীহ পথচারীদের ওপর হামলা এবং চলন্ত গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার বিষয় কাজ করেছে।
গতকাল বুধবার সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। নির্ধারিত প্রশ্নে সাংসদ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ঢাকা শহরের দুর্নামের জন্য কোন কোন মন্ত্রণালয় দায়ী। এ দুর্নাম ঘোচানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইআইইউ বিশ্বের বিভিন্ন দেশের শহরের যে তালিকা প্রস্তুত করেছে, তার মধ্যে ঢাকা শহরের বায়ুদূষণ ও জীববৈচিত্র্য-সংক্রান্ত তথ্য উল্লেখযোগ্য। তবে বিদেশি পত্রিকাটির বিবেচনাকালে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বিবেচনা করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সারা দেশে অশুভ শক্তির নারকীয় তৎপরতা থেকে ঢাকা মহানগরও বাদ যায়নি। চোরাগোপ্তা হামলা, নিরীহ পথচারীদের ওপর হামলা, চলন্ত গাড়িতে পেট্রলবোমা দিয়ে জীবন্ত মানুষ হত্যার বিষয়গুলো ইকোনমিস্টের মূল্যায়নের ভিত্তি হিসেবে কাজ করেছে।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশ ছিল দুর্নীতিবাজ ও জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্র। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট দেশকে এই পরিচিতি এনে দিয়েছিল এবং এর পরের দুই বছর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল, অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। সেই আতঙ্কগ্রস্ত জাতির দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের গৃহীত পদক্ষেপে দুর্নীতি হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী স্বীকৃত।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পেরে মানুষ হত্যা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা, বাসে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছিল। এসব করে তারা পণ্য সরবরাহ বন্ধ করে দ্রব্যমূল্য বাড়াতে চেয়েছিল। কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়।