পরিবেশ ঠিক রেখে নিরঙ্কুশ বিজয় চায় আওয়ামী লীগ
বড় ধরনের সংঘাত এড়িয়ে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন করতে চায় সরকার। তবে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে ‘নিরঙ্কুশ বিজয়’ও চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
>অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সরকার হিসেবে আমাদের দায়িত্ব। আর দল হিসেবে আমরা অধিকাংশ পৌরসভায় জিততেও চাই ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য, আ.লীগ
সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চাপের মুখে অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন। মামলায় জর্জর ও ভঙ্গুর দশার বিএনপিও মাঠের শক্তিতে পিছিয়ে। এ সুযোগে কম বিতর্ক তৈরি করে ১৭০ থেকে ১৮০টি পৌরসভায় দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারলেই দল সন্তুষ্ট থাকবে।
দলের নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অন্তত পাঁচজন নেতার সঙ্গে কথা বলে যা বোঝা গেছে তাতে এটা বলা যায়, ভোটের দিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মুখোমুখি হওয়ার বা সংঘাত করার শক্তি-সামর্থ্য কার্যত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদেরই বেশি থাকবে। তাই রাজনৈতিক ও প্রশাসনিক নানা কৌশল ব্যবহার করে তাঁদের বাগে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও জামায়াত-অধ্যুষিত বলে পরিচিত ১০-১৫টি জেলায় সতর্কতা অবলম্বন করা হবে। পুলিশসহ প্রশাসনের তৎপরতা এসব জেলায় বেশি থাকবে। এর মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, গাইবান্ধা, জয়পুরহাট, সাতক্ষীরা, নীলফামারী, ঝিনাইদহ উল্লেখযোগ্য।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনে ২০১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়টি উঠে এসেছিল। তবে দলটির নেতারা গতকাল মঙ্গলবার বলেছেন, এর মধ্যে ১৭০-১৮০টি পৌরসভায় জয়ী হলেই তা দলের জন্য সন্তোষজনক ফল বলে বিবেচনা করা হবে।
একজন কেন্দ্রীয় নেতা বললেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভোট করতে চায়। তবে মাঠ পর্যায়ে যে কিছুই হবে না, তা বলে দেওয়া যাবে না। নৌকা-ধানের শীষের মুখোমুখি নির্বাচনে কিছু সমস্যা হতেই পারে। প্রার্থীর যেমন জয়ের তাড়না আছে, তেমনি দল থেকেও প্রতিনিয়ত তাগিদ দেওয়া হচ্ছে। তবে জয়ের তাড়নার কারণে ভোটের পরিবেশ নষ্ট না করার নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ জোর-জবরদস্তি করে ভোট নিয়ে যাবে। এর ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় গত সোমবার হঠাৎ করেই দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, পৌর ভোট অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। গতকাল দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও সংবাদ সম্মেলন করে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবাই যেন নির্বাচন কমিশনকে সহায়তা করে।
নির্বাচন তদারকের সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এই প্রকাশ্য বক্তব্যের পর মাঠপর্যায়ের অনেকেই তাঁদের কাছে ফোন দিয়ে দলের অবস্থান জানতে চেয়েছেন। সোমবার ও মঙ্গলবার সরকারের দায়িত্বশীল একাধিক মন্ত্রী দলের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন।
জানতে চাইলে নির্বাচন তদারকের নেতৃত্ব দেওয়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সরকার হিসেবে আমাদের দায়িত্ব। আর দল হিসেবে আমরা অধিকাংশ পৌরসভায় জিততেও চাই।’
নির্বাচনের পরিবেশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ ভোটে নির্বাচন কমিশনকে সহায়তা করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেক পারিবারিক-সামাজিক বিরোধও নির্বাচন এলে প্রকাশ পায়। যতটা সম্ভব এসব ঘটনা এড়ানো যায় সেই চেষ্টাই থাকবে।
আওয়ামী লীগের নির্বাচন তদারক দলের একাধিক নেতা বলেন, ভঙ্গুর সাংগঠনিক শক্তি ও মামলা-মোকদ্দমার কারণে অন্তত অর্ধেক পৌরসভায় বিএনপির প্রার্থী কোণঠাসা। ২৫-৩০টিতে বিএনপির প্রার্থী নামতে পারছেন না। এ অবস্থায় সব বুথে পোলিং এজেন্ট দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে। এ ছাড়া অন্তত ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থী দেয়নি কিংবা তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। মাদারীপুরের কালকিনিতে বিএনপি কাউকে মনোনয়নই দেয়নি। এ পরিস্থিতিতে প্রায় ১৫০ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সহজেই জয়ী হবেন। আর সরকারে থাকার সুবিধার কারণে আরও ১০-২০টি পৌরসভায় জেতা কঠিন কিছু নয়।