পরিবেশ তৈরি না হলে উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হলে ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়াতে পারে বিএনপি। গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে বিএনপির প্রতিনিধিদল এমন ইঙ্গিত দিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে দলটি নির্বাচন কমিশনারদের সঙ্গে তৃতীয় দফা সাক্ষাত্ করে ভোলা-৩ আসনে উপনির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানালেন।গতকাল প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাত্ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সোমবারও বিএনপির ছয়জন নেতা-কর্মীকে মারধর করা হয়েছে। প্রথম দফা অভিযোগ দায়েরের পর কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয় প্রশাসনও ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, শেষ পর্যন্ত পরিস্থিতি যদি এমনই থাকে, তবে নির্বাচনে অংশ নেওয়া আর না নেওয়ার মধ্যে তফাত নেই। সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হলে নির্বাচনে থাকা না-থাকার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে দল। নজরুল ইসলাম খান জানান, ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহন উপজেলা ঘুরে এসে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন কমিশনকে। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও সেখানকার অবস্থার কোনো উন্নতি হয়নি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির সমর্থকদের ওপর হামলা করছেন, ভয়ভীতি প্রদর্শন করছেন, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন ব্যাহত হবে।